হুমায়ূন আহমেদ চলচ্চিত্র প্রদর্শনী শুরু কাল
প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণে কাল সোমাবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘চলচ্চিত্রে হুমায়ূন আহমেদ’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এই প্রদর্শনীর আয়োজন করেছে। আয়োজকেরা জানিয়েছেন, উৎসবে হুমায়ূন আহমেদ পরিচালিত সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। কার্টুনিস্ট ও রম্যলেখক হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীবও এতে উপস্থিত থাকবেন। টিএসসি মিলনায়তনে আয়োজিত এ উৎসবে প্রতিদিন চারটি করে প্রদর্শনী হবে। উদ্বোধনীর দিনে বেলা একটায় হুমায়ূন আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ প্রদর্শিত হবে। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’ ও ‘আমার আছে জল’ প্রদর্শিত হবে। ২৫ সেপ্টেম্বর যথাক্রমে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’, ‘শ্যামল ছায়া’ ও ‘চন্দ্রকথা’ এবং ২৬ সেপ্টেম্বর ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘দুই দুয়ারী’ ও ‘শ্রাবণ মেঘের দিন’ দেখানো হবে। প্রতিটি প্রদর্শনীর টিকিটের মূল্য ১৫ টাকা। এই উৎসবে আর্থিক সহায়তা করছে ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠান ‘বিকাশ’। গণমাধ্যম সহযোগী চ্যানেল আই।