হুমায়ূন আহমেদ জাদুঘর

কুদ্দুস বয়াতি একসময় পথে পথে নিজের মতো গান করে বেড়াতেন । হুমায়ূন আহমেদ তাঁকে দেশে ও দেশের বাইরে পরিচিত করে তুলেছিলেন। এ জন্য হুমায়ূন আহমেদের প্রতি কৃতজ্ঞতার সীমা নেই বয়াতির। নেত্রকোনার কেন্দুয়ার রাজিবপুর এলাকায় ৯০ শতাংশ জমির ওপর যে চারতলা ভবন নির্মাণ করেছেন বয়াতি, নিচতলায় শিগগিরই চালু হচ্ছে ‘হুমায়ূন আহমেদ জাদুঘর’। পর্যায়ক্রমে ভবনের পুরো চারতলাই চলে আসবে এই জাদুঘরের আওতায়। ভবনটি নির্মাণ করেছে কুদ্দুস বয়াতি ফাউন্ডেশন।
নব্বইয়ের দশকের শুরুর দিকে জনসচেতনতা গড়ে তোলার জন্য ‘এই দিন দিন নয়, আরও দিন আছে’ গানটি নিয়ে হাজির হয়েছিলেন কুদ্দুস বয়াতি। গানটি হুমায়ূন আহমেদের লেখা, সুর বয়াতির নিজের। বিপুল জনপ্রিয় হয় গানটি। বয়াতির জন্যও এ গান এনে দেয় বিশাল খ্যাতি। এরপর হুমায়ূন আহমেদের বহু নাটকে অংশ নেন কুদ্দুস বয়াতি।
কুদ্দুস বয়াতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুদ্দুস বয়াতি বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যার আমাকে রাস্তা থেকে তুলে এনে দেশে ও দেশের বাইরের মানুষের কাছে পরিচিত করে তুলেছেন। স্যারের মৃত্যুর পর তাঁর জন্য কিছু করার তাগিদ অনুভব করি। তাই শুরুতেই তাঁর নামে জাদুঘর তৈরি করার পরিকল্পনা করেছি।’
কুদ্দুস বয়াতি জানান, গতকাল শুক্রবার জাদুঘরের ওয়েবসাইট উদ্বোধন করার কথা ছিল হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের। কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় উদ্বোধন অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। মাস ছয়েক পর জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।