আজ হুমায়ূন আহমেদকে নিয়ে নানা ধরনের অনুষ্ঠান প্রচার করবে বিভিন্ন টিভি চ্যানেল। বিটিভিতে রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক নিমফুল। রচনা ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। এটিএন বাংলায় সকাল সাড়ে ১০টায় ‘আমাদের হুমায়ূন আহমেদ’ অনুষ্ঠানে অংশ নেবেন সৈয়দ শামসুল হক, সেলিনা হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম ও আনিসুল হক। দেশ টিভিতে বেলা তিনটায় থাকবে হুমায়ূন আহমেদের বিভিন্ন চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান। বিকেলে থাকবে নাটক নিতুর ঘরে ফেরা। রাতে ‘সিনে এক্সপ্রেস’ অনুষ্ঠানের বিষয়ও হুমায়ূন আহমেদ। এরপর থাকবে হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে গান। এ ছাড়া দেশ টিভি ও মাছরাঙা টিভিতে আজ থাকছে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র আগুনের পরশমণি। মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে আজকের অতিথি আবুল হায়াত ও ডলি জহুর। হুমায়ূন আহমেদের সঙ্গে তাঁদের নানা স্মৃতি, কাজের অভিজ্ঞতাসহ জীবন ও কর্ম নিয়ে কথা বলবেন তাঁরা। উপস্থাপনা করবেন দিনাত জাহান ও মৃদুল আহমেদ।