হুমায়ূন আহমেদকে নিয়ে দুটি বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্যানে পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছাইড়া যাইবা যদি’। একজন নাট্যকর্মী গানটি যখন করছিলেন, তখন দর্শকের সারিতে বসে থাকা কয়েকজনকে চোখ মুছতে দেখা গেল। বাউলসাধক শাহ্ আব্দুল করিমের গানটিকে যথার্থই মনে হলো হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। তাঁকে নিয়ে গতকাল বুধবার প্রকাশিত হলো দুটি গ্রন্থ হুমায়ূন আহমেদ স্মারকগ্রন্থ ও পূরবী বসুর নিউইয়র্কে হুমায়ূন আহমেদের চিকিত্সা ও অন্যান্য প্রসঙ্গ। গতকাল বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে বই দুটির মোড়ক উন্মোচনের আয়োজন করে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ। প্রকাশনা অনুষ্ঠান হলেও ছিল গান, কবিতা ও আলোচনা। শিল্পী এ টি এম জাহাঙ্গীর ও সুমনা বিশ্বাস পরিবেশন করেন ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি। অনুষ্ঠানে বক্তব্য দেন স্মারকগ্রন্থের সম্পাদনা পরিষদের সভাপতি আনিসুজ্জামান, প্রকাশনা সংস্থার প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আবৃত্তি করেন আহকামউল্লাহ্। শাহ্ আব্দুল করিমের ‘ক্যানে পিরিতি বাড়াইলা রে বন্ধু’ গানের সঙ্গে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মফিদুল হক, আতাউর রহমান, নাসির আলী মামুন, ফরিদুর রেজা সাগর, শাকুর মজিদ, আহসান হাবীব, হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন প্রমুখ।