হুমায়ূন আহমেদের গল্পের নাটকে চম্পা
হুমায়ূন আহমেদের গল্প নিয়ে নাটক অতিথি। আর তাতে অভিনয় করেছেন চম্পা। পর পর তিন দিন নাটকটির শুটিং হলো হুমায়ূন আহমেদের বাসা ‘দখিন হাওয়া’য়, চতুর্থ দিন নুহাশপল্লীতে। কথা ছিল, চ্যানেল আইয়ের জন্মদিনের জন্য নাটকটি পরিচালনা করবেন শাওন। শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। অতিথি পরিচালনা করেছেন জুয়েল রানা। নাট্যরূপ দিয়েছেন জিনাত হোসেন। হুমায়ূন আহমেদের দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন চম্পা—শঙ্খনীল কারাগার ও চন্দ্রকথা। আর নাটকের মধ্যে আছে এই মেঘ এই রোদ্র ও ওপেন্টি বায়োস্কোপ। চম্পা বললেন, ‘অতিথি করতে গিয়ে হুমায়ূন আহমেদের অনুপস্থিতিটা খুব অনুভব করেছি। শুটিংয়ের সময় পরিবেশ বুঝে তিনি নানা কিছু সংযোজন করতেন। থাকত মজার মজার সংলাপ, যা অভিনয়ে যোগ করত নতুন মাত্রা। তিনি আনন্দ করতে পছন্দ করতেন। আনন্দের মধ্য দিয়ে কাজটা বের করে নিতেন।’চম্পা আরও বলেন, ‘বাসায় শাওন আর ওর বাচ্চা দুটিকে দেখে আমার খুব কষ্ট হয়েছে। হুমায়ূন আহমেদকে ছাড়া ওদের একটা লম্বা পথ পাড়ি দিতে হবে।’হুমায়ূন আহমেদকে একটি গাছ উপহার দিয়েছিলেন চম্পা। ব্যাংকক থেকে আনা, তেঁতুলগাছ। চম্পা বললেন, ‘নুহাশপল্লীতে ঢুকেই বুকের ভেতরটা হাহাকার করে উঠল। গাছটার খুব কাছেই ওনার কবর। নুহাশপল্লীতে একসময় কাজ করে যে আনন্দ পেতাম, তা যেন কোথায় হারিয়ে গেছে।’