হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্ষরিক অর্থেই বিশেষ প্রদর্শনী ছিল সেদিন। সেদিন বলতে গত ২৯ মে। রীতিমতো আমন্ত্রণপত্র পাঠিয়ে, কাছের কিছু মানুষ আর সংবাদকর্মীদের নিয়ে হুমায়ূন আহমেদ উপভোগ করলেন নিজের অপ্রকাশিত নতুন ছবি ঘেটুপুত্র কমলা। আমন্ত্রণপত্রেই উল্লেখ করেছিলেন, ‘ডাক্তারের কঠিন নিষেধ—বেশি মানুষের ভিড়ে যাওয়া যাবে না...।’ তার পরও সবাইকে নিয়ে ছবিটি দেখার লোভ সামলাতে পারেননি মানবসঙ্গপ্রিয় হুমায়ূন। সঙ্গে এ-ও ঘোষণা দিয়ে রেখেছিলেন, ‘ছবি দেখে সরাসরি আমাকে গালাগালি করার সুযোগ হেলায় হারাবেন না।’ এটা নিশ্চিত, গালাগালির সুযোগ পাওয়ার জন্য নয়, হুমায়ূন আহমেদের সঙ্গ লাভের আশাতেই ছবিটি উপভোগ করার সুযোগ কেউ হেলায় হারায়নি! আর ঘেটুপুত্র কমলা নিয়ে সবার আগ্রহের মাত্রা যে আকাশচুম্বী ছিল, এটা অনুমান করাও কঠিন কিছু নয়। কেননা, এই ছবি বানানোর আগে স্বয়ং হুমায়ূন ঘোষণা দিয়ে বসেছিলেন, ‘এটাই আমার শেষ ছবি!’ এটাও অনুমেয়, এ ক্ষেত্রে অনেকেই আশ্রয় খুঁজেছিলেন রবীন্দ্রনাথে, ‘শেষ নাহি যে, শেষ কথা কে বলবে!’সেদিন স্টার সিনেপ্লেক্সের ওই প্রদর্শনীর শুরুতেও পুরোনো বিশ্বাস পুনঃস্থাপিত হলো—শেষ নাহি যে! হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিশ্বাসটাও তেমনই, ‘ঘেটুপুত্র কমলা হুমায়ূন আহমেদের শেষ ছবি হতে পারে না। এটা বিশ্বাস করি না। আমরা আবার ছবি বানাবই। আবার ক্যামেরা চালু হলেই তিনি সুস্থ হয়ে উঠবেন।’ শাওনের কথার পর স্টার সিনেপ্লেক্সের ভেতরে যেন হাততালির বৃষ্টি। সবাই যেন আশায় বুক বাঁধল আবার—যাক, হুমায়ূন আহমেদ আবার ছবি বানাবেন!শুরুর বক্তব্যে বিষয়টি আঁধারেই রাখলেন হুমায়ূন। তাঁর কথায় স্বভাবসুলভ রসিকতা, ‘সাধারণত মানুষের মৃত্যুর পরে এমন অনুষ্ঠান হয়। কাছের সবাই একসঙ্গে জড়ো হন। জীবিত অবস্থায় সবাইকে এভাবে একসঙ্গে কাছে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’ হুমায়ূন সেদিন অনেককেই কাছে পেয়েছিলেন। সেখানে ছিলেন তাঁর মা আয়েশা ফয়েজ, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, লেখক-সাংবাদিক আনিসুল হক, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম। আর ছিলেন ছবিটির কলাকুশলীরা ও আরও অনেকে। সাংবাদিকদের প্রশ্ন করতে হয়নি। হুমায়ূন নিজেই বললেন, ‘ছবি বানানোর সময় সবচেয়ে চমৎকার অভিজ্ঞতার কথা জানতে চান অনেকেই। এ ক্ষেত্রে একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে। ছবিটির শুটিংয়ে যাওয়ার সময় আমার দ্বিতীয় পুত্র নিনিদের বয়স ৪০ দিন। আমাদের শুটিং হবে তখন হাওর অঞ্চলে। ৪০ দিনের একটা বাচ্চাকে নিয়ে হাওরে শুটিং করা যায় না। তাই শাওনকে রেখেই চলে গেছি। উঠেছি হোটেলে। সেদিন তখনো পুরোপুরি সকাল হয়নি। শুটিং স্পট ছিল একটা রাজবাড়িতে। সেই রাজবাড়ির সামনে গিয়ে দেখি একটা মেয়ে হাঁটাহাঁটি করছে! কোলে বাচ্চা! সামনে গিয়ে আবিষ্কার করলাম, মেয়েটা শাওন, কোলে নিনিদ! শাওন বলে, “তুমি এখানে একা একা কী করবে না করবে, নিজের যত্ন নিতে পারবে না। শেষে কাজও করতে পারবে না ঠিকমতো, তাই চলে এলাম”।’ শরীরের ভেতর ক্যানসার আবিষ্কার হওয়ার আগেই ছবির প্রায় পুরো কাজই গুছিয়ে ফেলেছিলেন হুমায়ূন। তবে যুক্তরাষ্ট্র থেকে ফিরে নাকি তাঁর হঠাৎই মনে হলো, ‘আরে, আমি তো ঘেটুপুত্র কমলা নামে একটা ছবি বানিয়েছি!’সেই ঘেটুপুত্র কমলা উপভোগ করতে বসে দেড় শ বছরের পুরোনো আমলের বিচিত্র এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো আমাদের! হাওর অঞ্চলের এক শৌখিন জমিদারের মনোরঞ্জন করতে এসে জীবন উড়িয়ে দিল ঘেটুপুত্র কমলা কিংবা জহির। ছবি শেষে ‘শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন’ গানটি বাষ্পরুদ্ধ করে দিল সবার চোখ! কাঁদলেন হুমায়ূনও! আর কাঁদল ঘেটুপুত্র কমলা, মানে এই চরিত্ররূপদানকারী খুদে অভিনেতা হাসান ফেরদৌস মামুন। পঞ্চম শ্রেণী পড়ুয়া মামুনের অভিনয়ে মুগ্ধ হুমায়ূন এবং বাকি সবাই। তাই প্রদর্শনী শেষে পিঠ চাপড়ানি পেল সে সবার কাছ থেকেই। কিন্তু হুমায়ূন আহমেদকে তো পিঠ চাপড়ে দেওয়ার কেউ নেই! আছে ভালোবাসা দেওয়ার মতো অনেক মানুষ। বরাবরের মতো ভালোবাসাই পেলেন জনপ্রিয় এই কথাসাহিত্যিক। গত ২ জুন আবার পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। আগামী ১২ জুন অস্ত্রোপচার। যাওয়ার আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদ জানিয়ে গেলেন, ‘...সিনেমাটা আমার প্যাশন, আরেকটা সিনেমা বানাতে ইচ্ছে করছে, খুব।’