হুমায়ূন আহমেদের জন্মদিন উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের পেছনে চিরচেনা হুমায়ূন আহমেদ। চোখে চশমা, মাথায় হ্যাট। হলুদ রঙের ব্যানারে লেখা ‘কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মদিন উদ্যাপন।’ মঞ্চের আরেকটু সামনে থরে থরে সাজানো বই। একসময় ৬৪টি বর্ণিল বেলুন উড়ল আকাশে। কিন্তু যাঁকে কেন্দ্র করে এতসব আয়োজন, সেই মানুষটিই ছিলেন না। হুমায়ূন আহমেদ এখন শুধুই ছবি। গতকাল মঙ্গলবার ছিল জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মদিন। তিনি নেই, সে কথা সবারই জানা। তাঁকে আর পাওয়া যাবে না কোনো আয়োজনে, কোনো প্রয়োজনে। প্রিয় লেখকের না থাকার শূন্যতাকে মেনেই ভক্ত, পাঠক, অনুরাগীদের শ্রদ্ধা-ভালোবাসায় গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের খোলা চত্বরে উদ্যাপিত হলো তাঁর ৬৪তম জন্মদিন।হেমন্তের শেষ বিকেলে সারিবদ্ধভাবে প্রকাশকেরা সাজিয়ে বসেছেন তাঁদের প্রকাশনী থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদের বইগুলো। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ছিল দারুণ ভিড়। এরই মধ্যে অনুষ্ঠানস্থলে আসেন লেখক-জননী আয়েশা ফয়েজ। এক ঝাঁক বর্ণিল বেলুন উড়িয়ে তিনি উদ্বোধন করেন বইমেলা। এ সময় উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, বন্ধু সালেহ চৌধুরী ও কবি বেলাল চৌধুরী। তাঁর বইয়ের প্রকাশকদের মধ্যে উপস্থিত ছিলেন অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, অবসর প্রকাশনীর স্বত্বাধিকারী আলমগীর রহমান, সময় প্রকাশনের ফরিদ আহমেদ প্রমুখ। এ সময় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘হুমায়ূন রচনাবলী-৬’, অনন্যা থেকে প্রকাশিত ‘হিমু সমগ্র-২’ এবং কাকলী প্রকাশনী থেকে প্রকাশিত ‘নির্বাচিত সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলোর মোড়কও লেখক-জননী আয়েশা ফয়েজ উন্মোচন করেন। এর আগে হুমায়ূন আহমেদের জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইসলাম উদ্দিন বয়াতি ও তাঁর দল সংগীত পরিবেশন করে। পরের আনুষ্ঠানিকতা শুরু হয় শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। ধ্রুব এষের লেখা গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছিল হুমায়ূন আহমেদের সুহূদদের স্মৃতিচারণা। এতে বক্তব্য দেন হুমায়ূনের ছোট ভাই আহসান হাবিব, স্ত্রী মেহের আফরোজ শাওন, কবি বেলাল চৌধুরী, কবি নূরুল হুদা, জাদুশিল্পী জুয়েল আইচ, কনা রেজা প্রমুখ। স্মৃতিচারণার ফাঁকে ফাঁকে হলো কবিতা আবৃত্তি। সবশেষে ছিল সুবচন নাট্যসম্প্রদায়ের প্রযোজনায় বাউল শাহ আবদুল করিমের জীবনীনির্ভর নাটক মহাজনের নাও। শাকুর মজিদ রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।গণ-গ্রন্থাগার চত্বরে ১২ দিনের বইমেলা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।