হুমায়ূন আহমেদের লেখা থেকে অনিমেষের ধারাবাহিক
হুমায়ূন আহমেদের মিসির আলীর গল্প থেকে এর আগে তিনটি নাটক তৈরি করেছিলেন অনিমেষ আইচ। এবার হুমায়ূন আহমেদের লেখা থেকে ধারাবাহিক নাটক তৈরি করছেন তিনি। নাম গাড়ি চলে না। নাটকটির গল্প প্রসঙ্গে অনিমেষ জানালেন, ‘গাড়ি চলে না’ একটি গ্যারেজের নাম। মালিক হামিদ (জাহিদ হাসান)। গ্যারেজে তিনি নিজেই মেকানিক। অবিবাহিত। মা আর ভাইবোন নিয়ে তাঁর সংসার। পরিশ্রমী, পরোপকারী ও সরল মনের সাদাসিধে একজন মানুষ। নিজে তেমন পড়াশোনা করতে পারেননি। তবে ভাইবোনকে সুশিক্ষিত করেছেন। সালমা (মৌটুসী বিশ্বাস) একজন চিকিৎসক। হামিদের মতোই সদালাপি ও মিশুক। তিনি গরিব রোগীদের সঠিক পরামর্শ দেন এবং যথাযথ সেবা নিতে সবাইকে উৎসাহিত করেন। অন্যদিকে সমাজে কিছু মন্দ লোকেরও দেখা মেলে। যেমন বদরাগী খলিল। সে রড-সিমেন্টের দোকানে কাজ করে। বউকে নির্যাতন করে এবং পরিবারের সদস্যদের ভালোমন্দ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। এদিকে আরেকজন চিকিৎসক জসিম রোগীর প্রাপ্য সেবাটুকু দিতেও গড়িমসি করে। এমনি নানামুখী কিছু চরিত্র নিয়ে হুমায়ূন আহমেদ লিখেছেন ১৩ পর্বের নাটক গাড়ি চলে না। পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অনিমেষ তাঁর এই নতুন নাটক প্রসঙ্গে বললেন, ‘এটি মূলত একটি জনসচেতনতামূলক নাটক। এখানে সমাজের নানা অসংগতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে স্বাস্থ্যসেবা বিষয়ে সবার সচেতনতা তৈরির চেষ্টা করেছি।’অনিমেষ জানান, জনস্বাস্থ্য ও সমাজ উন্নয়নে দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের আওতায় রংধনু চিহ্নিত নগর স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রমকে গাড়ি চলে না নাটকের চরিত্রগুলোর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। আগামী জানুয়ারি মাসে বিটিভিসহ একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটির প্রচার শুরু হবে। নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, ফারজানা চুমকী, ফারুক আহমেদ, শশী, সারিকা, মৌটুসী বিশ্বাস, সাবেরি আলম, রানী সরকার প্রমুখ।