হুমায়ূন আহমেদের লেখা নাটকের শুটিং শুরু
সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন হুমায়ূন আহমেদ। সেখান থেকে ফিরে লিখেছেন নাটক আংটি। বিয়ে চূড়ান্ত করতে এসে মেয়েকে আংটি পরিয়েছিল ছেলেটি। পরে নানা কারণে সেই বিয়ে আর হয়নি। বিয়ের আংটি ফেরত দিতে এসে মেয়েটি এক কঠিন প্রশ্নের মুখোমুখি হয়। এমনই এক গল্প নিয়ে নাটকটি। গত বুধবার থেকে নাটকটির শুটিং হচ্ছে ধানমন্ডিতে। গতকাল হলো মিরপুরে। পরিচালনা করছেন জুয়েল রানা। তিনি বললেন, ‘স্যারের (হুমায়ূন আহমেদ) অনেক নাটক আমি পরিচালনা করেছি। সিঙ্গাপুর যাওয়ার আগে স্যার এই নাটকের কিছুটা অংশ লিখেছিলেন। পুরোটা লিখেছেন সিঙ্গাপুর থেকে ফিরে এসে। স্যার এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে যাওয়ার আগে নাটকটির ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গেছেন। সেভাবেই আমি কাজ করছি।’আংটি নাটকে অভিনয় করছেন জয়, তাহসিন, মাজনুন মিজান, জয়ন্ত চট্টোপাধ্যায়, আমিরুল হক চৌধুরী, নমিতা, সোহেল, এষা ও মুকুল।জুয়েল রানা জানান, নাটকটি চ্যানেল আইয়ের জন্মদিনে প্রচার করা হবে। উল্লেখ্য, উন্নত চিকি ৎসার জন্য হুমায়ূন আহমেদ এখন যুক্তরাষ্ট্রে আছেন।