হুমায়ূন নিবাসে তাঁকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বাংলা সাহিত্য ও বিনোদন অঙ্গনের নন্দিত ব্যক্তিত্ব হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। দেশের গণমাধ্যম ও বিনোদন মাধ্যমগুলোতে আজ নানাভাবে তাঁকে স্মরণ করা হবে। দিবসটিকে স্মরণ করতে টেলিভিশন ও মঞ্চে রয়েছে নানা আয়োজন। থাকবে তাঁর লেখা গান, দেখানো হবে তাঁর গল্প থেকে নির্মিত সিনেমা এবং তাঁকে নিয়ে আলোচনা করবেন তাঁর ঘনিষ্ঠজন ও স্বজনেরা। আমরাও স্মরণ করছি তাঁকে তাঁর প্রয়াণ দিবসে।

হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লেখকের পৈতৃক নিবাস নেত্রকোনা ও তাঁর গাজীপুরের নুহাশপল্লীতে রয়েছে বিশেষ কর্মসূচি। দিনভর এই দুই নিবাসে প্রয়াত লেখকে স্মরণ করবেন তাঁর স্বজনেরা।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদের নিজ হাতে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, লেখকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক শোভাযাত্রা, স্মৃতিচারণা, আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ ও দোয়া ইত্যাদি। এ ছাড়া বিনা মূল্যে চক্ষুবিষয়ক রোগের চিকিৎসা দেওয়ার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে চক্ষুশিবির বসানো হবে। নেত্রকোনা উপজেলা সদরে হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ ও চর্চা সাহিত্য আড্ডার যৌথ উদ্যোগে শোক শোভাযাত্রা, স্মৃতিচারণা ও আলোচনা সভার আয়োজন করা হবে।

এদিকে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া প্রিয় নুহাশপল্লীতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নুহাশপল্লীর আশপাশের মাদ্রাসা ও এতিমখানার ছাত্র, পরিবারের সদস্য এবং হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠ কয়েকজন লেখকসহ প্রায় ৬০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনে। নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, দিনের কর্মসূচিতে অংশ নিতে হুমায়ূন আহমেদের দুই সন্তান নিষাদ, নিনিতসহ স্ত্রী মেহের আফরোজ শাওন আজ সকালে নুহাশপল্লীতে যাবেন।