হুমায়ূন ভাই আকাশছোঁয়া মানুষ
হুমায়ূন আহমেদকে অনেকেই ‘স্যার’ বলে ডাকতেন। কিন্তু আমি তাঁকে ভাই বলতাম। কারণ, তাঁর ছোট ভাই শাহীন (আহসান হাবীব) ও আমি মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিলাম। ১৯৭৩ সালে শাহীনের সঙ্গে বাসায় গেলে প্রথম হুমায়ূন ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়। সে সময় কিন্তু হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ পাঠকহূদয় জয় করেছে। হঠাত্ করে তাঁকে দেখে আমি একাধারে অবাক, বিস্মিত ও আনন্দিত হলাম। অবাক হলাম এই ভেবে, ‘নন্দিত নরক’-এর লেখক হুমায়ূন আহমেদের ভাই আমার বন্ধু। এরপর তো হুমায়ূন ভাই পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার নাটকে আসা। ঢাকা থিয়েটারে যোগ দিই ১৯৮৩ সালে। ১৯৯৩ সালে আমি প্রথম হুমায়ূন আহমেদের স্ক্রিপ্টে (পাণ্ডুলিপি) নাটক করি। নাম ‘অচিন বৃক্ষ’। আমার মনে হয়, আজ পর্যন্ত হুমায়ূন আহমেদের সবচেয়ে বেশি নাটকে অভিনয় করার সৌভাগ্য আমার হয়েছে।আমি মনে করি, তিনি আসলে একজন বড় অভিনেতা। তা না হলে একা এভাবেই এত সব কাজ আদায় করতে পারতেন না। আমার এ-ও মনে হয়, উনার নাটকে অভিনয়শিল্পীর কোনো কৃতিত্ব নেই। সব কৃতিত্ব একাই হুমায়ূন আহমেদের।নাটকের কাজসহ বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন দেশে আমার ঘেরা হয়েছে। ‘রূপালি রাত্রি’ নাটকের শুটিং করতে হুমায়ূন ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম সুইজারল্যান্ড। উনার সঙ্গে মেশার যে আনন্দ, সেটা বলে বোঝানো যাবে না। উনি আড্ডার ছলে যে কথাগুলো বলেন, সেটা কেউ যদি সেভাবেই লিখে দেন, ওটাই আসলে একটা উপন্যাস হয়ে যাবে। শুটিংয়ের ফাঁকে আমাদের অনেক আড্ডা হতো। সর্বশেষ যুক্তরাষ্ট্রে যওয়ার আগের সময়কার একটা ঘটনার কথা বলি। নুহাশপল্লীতে শুটিং চলছে রাতের বেলা। হঠাত্ একজন এসে বলল, ‘স্যার আপনাকে ডাকছেন।’ আমি গেলাম। দেখলাম তিনি ড্রয়িংরুমে বসে আছেন। পাশে তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। সামনের টেবিলে রাতের খাবারের বিশাল আয়োজন। তারপর বললেন, ‘তুমি আজ আমার সঙ্গে রাতের খাবার খাবে। হাত ধুয়ে এসো।’ খেতে খেতে হুমায়ূন ভাই প্রশ্ন করে বসলেন, ‘তোমার বাবা-মা জীবিত আছেন?’আমি বললাম, বাবা নেই, মা জীবিত আছেন। হুমায়ূন ভাই বললেন, ‘মায়ের সেবা করবে। শান্তি পাবে।’আমি বললাম, জি। অবশ্যই। তারপর আবেগ আপ্লুত হয়ে হুমায়ূন বলতে লাগলেন, ‘এই আমাকে দেখো। কত অভাগা আমি! যুদ্ধের বছর বাবা পাকিস্তানি বাহিনীর হাতে বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার সময় আমি ছাত্র। আয়-রোজাগার করি না। বাবা সিগারেট খেতেন। বাবাকে এক প্যাকেট সিগারেট কিনে দেওয়ার সৌভাগ্য আমার হয়নি। এখন আমার কত টাকা। অথচ বাবা নেই। ইচ্ছা করলেও বাবাকে এক প্যাকেট সিগারেট আমি কিনে দিতে পারছি না। আফসোস!’‘আফসোস’ শব্দটি উচ্চারণ করার পর আমি হতবাক হয়ে গেলাম। এক দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে রইলাম।ফারুক নামে কিন্তু আমাদের মিডিয়াতে অনেকেই আছেন। কিন্তু আমাকে সবাই এক নামে হুমায়ূন আহমেদের ফারুক বলে চেনে। আজকে মিডিয়াতে আমার যে অবস্থান কিংবা সবাই যে আমাকে চেনে, এটার পুরো কৃতিত্বই একমাত্র হুমায়ূন আহমেদের।অনুলিখন : মনজুর জিয়া