হুমায়ূন আহমেদের মৃত্যুসংবাদ শোনার পর মাহফুজ আহমেদ গণমাধ্যম থেকে দূরে আছেন। মুঠোফোনেও কারও সঙ্গে তেমন কিছু বলছেন না। মঙ্গলবার সকালে তাঁকে পাওয়া গেল মুঠোফোনে। তাঁর সঙ্গে আলাপচারিতা নিয়ে এই ‘কথোপকথন’।আপনার শুরুটা হয়েছিল হুমায়ূন আহমেদের নাটক দিয়ে। কিন্তু তাঁর মৃত্যুর পর থেকে আপনি কিছুই বলছেন না। কেন?হুমায়ূন ভাইকে নিয়ে কী বলব? তাঁর সঙ্গে হাজার হাজার স্মৃতি। আমার পুরো অস্তিত্বে জড়িয়ে আছেন তিনি। এই কদিন আমি নিজের সঙ্গে নিজে কথা বলেছি। ফিরে গেছি গোড়ার দিনগুলোতে, যখন তাঁর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তিনিই আমাকে প্রথম টিভি নাটকে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। ধারাবাহিকটির নাম কোথাও কেউ নেই।হুমায়ূন আহমেদের সঙ্গে আপনার যোগাযোগটা কীভাবে হয়েছিল?তখন আমি পূর্ণিমা নামে একটি সাপ্তাহিকে কাজ করতাম। সম্পাদক আমাকে হুমায়ূন আহমেদের কাছে পাঠালেন ঈদসংখ্যার জন্য একটা লেখার ব্যাপারে কথা বলতে। হুমায়ূন আহমেদ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের হাউস টিউটর। আমাকে সেদিন বকাঝকা করে বের করে দিলেন। কয়েক দিন পর হুমায়ূন আহমেদ নিজেই ফোন করলেন সম্পাদকের কাছে। বললেন, ‘ছেলেটিকে পাঠিয়ে দিয়েন, ওকে সেদিন অনেক বকাঝকা করেছি।’ বাসায় যাওয়ার পর আমার মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। সঙ্গে দিলেন লেখা। এরপর হুমায়ূন আহমেদের ২১টি বড় সাক্ষাৎকার নিয়েছি আমি। কয়েক দিন আগে তিনি বাংলাদেশে এসেছিলেন। তখন তাঁর সঙ্গে দেখা করেছিলেন?হ্যাঁ, তখন তিনি আমাকে ভালোবাসায় সিক্ত করে গেছেন। সম্প্রতি একবার তিনি বলেছিলেন, ‘আমার মৃত্যুর পর ঠিকই মিডিয়ার সামনে প্রতিযোগিতা শুরু হবে—আমি কার কত আপন ছিলাম, কে আমার কত আপন ছিল।’ আমি সেদিন হুমায়ূন ভাইকে বলেছিলাম, ওই দলে আমি থাকব না। আমি সেই কথা রাখতে চেষ্টা করছি।আপনার সঙ্গে হুমায়ূন আহমেদের শেষ কী কথা হয়েছিল?তিনি আমাকে বললেন, ‘আমার মৃত্যুর পর তো অনেকে অনেক কথা বলবে। সেগুলো আমি শুনতে পাব না। আচ্ছা মাহফুজ, তুমি আমাকে নিয়ে কী বলবে? সেটা এখনই আমাকে শুনিয়ে দাও।’ সেদিন তাঁকে বলেছিলাম, ‘মানুষকে ভালোবাসার এক অসীম ক্ষমতা আছে আপনার।’ হুমায়ূন ভাই বাঙালির মনের মানুষ। মনের মানুষ কখনো মরে না। তিনি আমার মনের মানুষ হয়েই থাকবেন।