হুমায়ূনকে উত্সর্গ করে নাট্যোত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত জননন্দিত লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু হলো নাট্য সংগঠন ‘স্বপ্নদল’-এর নাট্যোত্সব।স্বপ্নদল ‘যুগসন্ধির অরুণ আলোয় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন-বাদল সরকার নাট্যোত্সব’ শিরোনামের নাট্যোত্সবের প্রস্তুতি নিয়েছিল বেশ আগেই। আমন্ত্রণপত্র নকশাও করা হয়েছে এই ত্রয়ীর প্রতিকৃতি দিয়ে। এর মাঝে হুমায়ূন আহমেদের আকস্মিক মহাপ্রয়াণ। তাঁকে উত্সর্গ করেই গতকাল শিল্পকলা একাডেমীতে শুরু হলো উত্সব। শুরুতেই মঞ্চে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বালন করা হয়।গতকাল বুধবার বিকেলে ছয় দিনের এই উত্সবের উদ্বোধন করেন নাট্যজন রামেন্দু মজুমদার। সম্মানিত অতিথি ছিলেন আতাউর রহমান, লিয়াকত আলী, রহমত আলী, বেগমজাদী মেহেরুন্নেসা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রধান সম্পাদক জাহিদ রিপন।শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার ও স্টুডিও থিয়েটারে উত্সবের নাটকগুলো মঞ্চস্থ হবে। দলীয় সংগীত ‘আমরা নবীন নাট্যের বীজ বুনি, অরুণ-ঊষার শিশির নিয়ে স্বপ্নসারসের পাখায় উড়ি’ সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর আগে সংগঠনের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সন্ধ্যায় সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে ফেস্টুনে লেখা স্মৃতি নাটক মঞ্চস্থ হয়। স্বপ্নদল প্রযোজিত এ নাটকের নাট্যরূপ দিয়েছেন জাহারাবী রিপন। নির্দেশনা দিয়েছেন সামাদ ভূঞা ও রওনক লাবণী।স্বপ্নদলের গত ১১ বছরের কার্যাবলির বড় অংশজুড়ে ছিল রবীন্দ্রনাথ, সেলিম আল দীন, বাদল সরকারের সৃষ্টিকর্ম। ৬ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের ৭১তম প্রয়াণবার্ষিকী, ১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৩তম জন্মজয়ন্তী এবং ১৫ জুলাই ছিল বাদল সরকারের ৮৭তম জন্মবার্ষিকী। এ ছাড়া ৬ আগস্ট পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হিরোশিমায় মার্কিন আণবিক বোমা হামলার ৬৭তম বর্ষপূর্তি হচ্ছে। স্বপ্নদল ১০ বছর ধরে নিয়মিতভাবে ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে। দলের এক যুগে পদার্পণের বিশেষ ক্ষণে উল্লিখিত বিষয়গুলো নাট্যকর্মের মাধ্যমে স্মরণের উদ্দেশ্যেই স্বপ্নদল এই আয়োজন করেছে।এ নাট্যোত্সবে স্বপ্নদলের চারটি প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদা, সেলিম আল দীনের হরগজ ও মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে ফেস্টুনে লেখা স্মৃতি এবং হিরোশিমা-নাগাসাকির ঘটনানির্ভর বাদল সরকারের ত্রিংশ শতাব্দী স্থান পেয়েছে। এ ছাড়া ঢাকা থিয়েটারের প্রযোজনায় সেলিম আল দীনের নিমজ্জন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনায় পুত্র মঞ্চস্থ হবে। উত্সবে অন্যান্য বিষয়ের মধ্যে আছে ‘ঐতিহ্য আধুনিকতায় রবীন্দ্রনাথ, সেলিম আল দীন ও বাদল সরকার’ শীর্ষক সেমিনার, স্বপ্নদল-রবীন্দ্রনাথ-সেলিম আল দীন-বাদল সরকার-হিরোশিমা-নাগাসাকি সম্পর্কিত পোস্টার, আলোকচিত্র, ভিডিও প্রদর্শনী, সংগীত-কোরিওগ্রাফি প্রদর্শনী, রবীন্দ্রনাথের ডাকঘর এবং সেলিম আল দীনের স্বর্ণবোয়াল, হাড়হাড্ডি ও নিমজ্জন-এর অংশবিশেষ পরিবেশনা প্রভৃতি। উত্সবের শেষ দিন ৬ আগস্ট ত্রিংশ শতাব্দী প্রযোজনা মঞ্চায়ন ও অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে ‘হিরোশিমা দিবস’ উদ্যাপন করা হবে।