হুসেনের নায়িকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মকবুল ফিদা হুসেনের সঙ্গে মাধুরী দীক্ষিতের শেষ কথা হয়েছিল মাস দেড়েক আগে। সেই কথোপকথনে হুসেন জানিয়েছিলেন, ভারতের ১০০ বছরের ছবি নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন তিনি। বরাবরের মতোই নতুন পরিকল্পনা নিয়ে ‘ভারতের পিকাসো’র মধ্যে ছিল দারুণ উচ্ছ্বাস। মহান এই শিল্পীর মৃত্যুর পরে মাধুরী সেই স্মৃতি রোমন্থন করে বললেন, ‘তাঁর প্রবল উচ্ছ্বাস এবং চিন্তা-ভাবনার কারণে তাঁর সামনে আমাকেই বুড়ো মনে হতো!’ মানে জীবনের পড়ন্ত বেলাতেও হুসেনকে চিরতরুণই মানতেন মাধুরী। এই চিরতারুণ্যের রহস্য কী? রহস্য আর কিছুই নয়, নারী। আরও পরিষ্কার করে বললে, বলিউডের রুপালি জগতের নারী! চিরতারুণ্যের বটিকা নারীদের মধ্যে মাধুরী দীক্ষিতই সম্ভবত হুসেনের তালিকায় ছিলেন সবচেয়ে উল্লেখযোগ্য। সেই যে ১৯৯৪ সালের কথা। সেবার বেরোল মাধুরীর হাম আপকে হ্যায় কৌন ছবিটি। পয়লা দর্শনেই মাধুরীর রূপ ও অভিনয়ের মাধুর্যে যারপরনাই মুগ্ধ হয়েছিলেন হুসেন। তারপর ১৭ বছরে সেই একই ছবিটি তিনি ঘুরেফিরে দেখেছেন ৭৩ বার! যা হোক, ছবিটি দেখার পরই তিনি মাধুরীকে ‘চিত্রদেবী’ জ্ঞান করেছিলেন, এঁকেছিলেন প্রথম কোনো বলিউড অভিনয়শিল্পীর মুখচ্ছবি। তার পর থেকে এই মুগ্ধতা আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়েছে মকবুল ফিদা হুসেনকে। বলিউডের নারীরা তাঁকে বারবার উজ্জীবিত করেছেন হাতে তুলি তুলে নিতে।মাধুরী যতটা হুসেনকে মুগ্ধ করেছিলেন, হুসেন ঠিক ততটাই বিস্ময় এঁকে দিয়েছিলেন বলিউডের এই তারকার মনে। এই মুগ্ধতা কেবল একটি শব্দেই বৃত্তবন্দী থাকেনি; দুই জগতের দুই তারকার মধ্যে তৈরি করে দিয়েছিল ভালোবাসা-শ্রদ্ধার সম্পর্ক। তাই গেল ৯ জুন হুসেনের মৃত্যুর পর মাধুরী বললেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, হুসেন সাহেব চলে গেছেন! মনে হচ্ছে, একদম কাছের কেউ চলে গেলেন। তিনি আমার জীবনটাই পাল্টে দিয়েছিলেন। গর্ব বোধ করছি এই মহান শিল্পীর সৃষ্টির অংশ হতে পেরে।’ সৃষ্টির অংশ মানে? হ্যাঁ, মাধুরীকে তো ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেনই; হুসেন একটি ছবিও বানিয়েছিলেন, যেখানে অভিনয় করেছিলেন স্বয়ং মাধুরী। ছবির নাম গজগামিনী।কেবল মাধুরীই নন, আরও অনেক বলিউডের নারীই ছিলেন হুসেনের প্রেরণা; তাঁদের কেউ কেউ আবার হয়েছিলেন ‘চিত্রদেবী’ও! সেই তালিকায় ছিলেন টাবু, অমৃতা রাও, ক্যাটরিনা কাইফ ও বিদ্যা বালান। মাধুরীর পরে অমৃতাকেই সবচেয়ে ‘পারফেক্ট ওমেন’ হিসেবে মেনেছিলেন হুসেন। অমৃতা বললেন, ‘আমার বিবাহ্ ছবিটি তিনি নাকি ২০ বারের মতো দেখেছিলেন! সেই মুগ্ধতায় এঁকেছিলেন আমাকে। উপহার দিয়েছিলেন তাঁর আঁকা কয়েকটি ছবি। তাঁর এই চলে যাওয়া আমাদের জন্য বিরাট ক্ষতি।’ সর্বশেষ যে নারীটি বয়সে বৃদ্ধ হুসেনের নবীন চোখকে চঞ্চল করেছিলেন, তিনি আনুশকা শর্মা। আনুশকার ব্যান্ড বাজা বারাত ছবিটিও হুসেন দেখেছেন আটবারের মতো। চেয়েছিলেন, ক্যানভাসে আনুশকাকে ধরে রাখবেন, কিন্তু তার আগেই পৃথিবীর ক্যানভাস থেকে মিলিয়ে গেলেন ‘যাযাবর’ মানুষটি। হ্যাঁ, নিজেকে যাযাবরই ভাবতেন হুসেন। মাধুরীর সঙ্গে কথোপকথনে এই শব্দটি বহুবার ব্যবহার করেছেন তিনি। তবে যাযাবর জীবনেও এই শিল্পী কখনো ক্লান্ত হননি। বলিউডের নারীরা তাঁকে হতে দেননি। মাহফুজ রহমানসূত্র: ওয়েবসাইট