হূদয় অ্যান্ড কোং
কোরবানির ঈদ উপলক্ষে বাজারে এসেছে হূদয় মিক্স থ্রি। হূদয় খানের সুর ও সংগীত পরিচালনায় এই অ্যালবামে কণ্ঠ দিয়েছেন রাইসা, ফারাবী, সামী, হ্যাপি, ঐশী, আলভী এবং হূদয় খান নিজে। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির উদ্যোগে আয়োজিত একটি প্রতিযোগিতার মাধ্যমে কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকেই কয়েক ধাপে বাছাই করা হয় ছয়জন কণ্ঠশিল্পীকে। এরপর ছয়জনকে নিয়ে শুরু হয় হূদয়ের নতুন মিশন। যেটির ফল হূদয় মিক্স থ্রি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হূদয় মিক্স থ্রি অ্যালবামে সুযোগ পাওয়া ছয় কণ্ঠশিল্পী হলো: ঢাকার রাইসা ও ফারাবী, ময়মনসিংহের সামী, নোয়াখালীর ঐশী, নারায়ণগঞ্জের হ্যাপি এবং রংপুরের আলভী। ‘আনন্দ’-এর আয়োজনে হূদয় খানসহ অ্যালবামের সব শিল্পীকে নিয়ে ৪ নভেম্বর এক আড্ডার আয়োজন করা হয়। হূদয়ের অনুরোধে আড্ডার স্থান হিসেবে নির্বাচন করা হয় মিরপুরের রূপনগরে অবস্থিত হূদয়ের স্টুডিওকে। রোববার রাত নয়টা। দিনভর টানা বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে সবাই নির্ধারিত সময়ের আগেই স্টুডিওতে এসে হাজির হন। আসতে পারেনি শুধু আলভী। হূদয় জানান, ‘আলভী এবারের জেএসসি পরীক্ষার্থী। তাই সে উপস্থিত থাকতে পারেনি।’এদিকে অনেক দিন পর একসঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে সবাই বেশ খুশি। জানালেন, সর্বশেষ তাঁরা সবাই ঈদের আগে অ্যালবাম প্রকাশের দিন একত্র হয়েছিলেন। এরপর ঈদ উদ্যাপনের জন্য সবাই নিজ নিজ গন্তব্যে চলে যান। শুরুতেই ঐশী বলেন, ‘আমি কিন্তু প্রথম আলোর এই আড্ডার জন্যই নোয়াখালী থেকে এসেছি। শেষ করেই আবার চলে যাব।’হূদয় মিক্স থ্রি এবং নিজের গানের বিভিন্ন দিক নিয়ে ঐশী বলেন, ‘চার বছর বয়স থেকেই আমি গানের সঙ্গে জড়িত। লোকগান আমার অনেক পছন্দের। জন্ম রংপুরে হলেও বাবার চাকরিসূত্রে পরে নোয়াখালীতে চলে আসতে হয়। এখনো সেখানে আছি। নোয়াখালী সরকারি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ছি। হূদয় ভাইয়ার “চাই না মেয়ে” গানটি শোনার পর থেকেই আমি তাঁর ভক্ত। মনে মনে ইচ্ছে ছিল হূদয় খানের সঙ্গে গান করার। কিন্তু সেটা তো চাইলেই আর সম্ভব না। বছরের শুরুর দিকে প্রথম আলো পত্রিকায় হূদয় খানের সঙ্গে গান করার সুযোগের বিজ্ঞাপনটি চোখে পড়ে। তারপর আম্মুকে নিজের ইচ্ছের কথা বলি। শুরুতে আম্মু বকা দিলেও শেষ পর্যন্ত রাজি করাতে সক্ষম হই। এত অল্প বয়সে হূদয় খানের মতো এত জনপ্রিয় একজন শিল্পীর সঙ্গে গান করব, সেটা কল্পনায়ও ছিল না।’ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের অ্যাডভারটাইজিংয়ে স্নাতক পড়ুয়া রাইসা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই নজরুল ও উচ্চাঙ্গসংগীতে তালিম নিয়েছি। হূদয়ের “ভেবে ভেবে” গানটি শুনে ভালো লাগে। ভিন্নধর্মী কণ্ঠ মনে হয়েছে। কম্পোজিশনও বেশ মনে ধরে। মনে মনে ভাবি, কবে তাঁর সুর ও সংগীত পরিচালনায় কাজ করব। সেই ইচ্ছে থেকে প্রতিযোগিতায় যুক্ত হওয়া। তারপর তো হূদয় খানের সঙ্গে একই অ্যালবামে গান!’রাইসার কথা শেষ হতে না-হতে ফারাবী বলে ওঠেন, ‘হূদয় ভাইয়ার এমন কোনো গান নেই যেটা আমার পছন্দ না। আমি নিজেও কিন্তু গান করছি ছোটবেলা থেকে। ছোটবেলায় বাফায় গান শিখেছি। এখন শাস্ত্রীয় সংগীতের তালিম নিচ্ছি ওস্তাদ সঞ্জীব দের কাছে।’ এমআইএসটির কম্পিউটার কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ফারাবী বলেন, ‘গান অনেক দিন ধরে করলেও পরিচিতি-সংকটে ভুগছিলাম। গানের জগতে আরেকটু বড় পরিসরে নিজেকে মেলে ধরার জন্য সুযোগ খুঁজছিলাম। সেটা যে পছন্দের শিল্পী হূদয় খানের সঙ্গে হবে সেটা ভাবিনি।’হূদয় খানের সঙ্গে গান করার ব্যাপারে ঐশী, রাইসা ও ফারাবীর নিজের ইচ্ছাটা প্রবল হলেও হ্যাপি ও সামীর ক্ষেত্রে এটি ছিল ব্যতিক্রম। হ্যাপির মা চাইতেন, হ্যাপি হূদয়ের সঙ্গে গান করুক। মায়ের ইচ্ছাতে হ্যাপি নাম লেখালেও অন্যদের মতো তাঁরও পছন্দের শিল্পী কিন্তু হূদয় খান। হ্যাপি বলেন, ‘হূদয় ভাইয়ার অনেক গানই আমার পছন্দের। প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন দেখে মা আমাকে জোর করে ভয়েজ পাঠাতে বলেন। মা যদি সেদিন জোর না করতেন, তা হলে হয়তো হূদয় ভাইয়ার সঙ্গে গান করার সুযোগ হতো না। এ জন্য মাকে অনেক ধন্যবাদ।’ বন্ধুমহলে নাকি কণ্ঠশিল্পী হিসেবে সামীর ভালো একটা পরিচিতি আছে। বন্ধুর কাছ থেকেই হূদয় খানের এ উদ্যোগের কথা জানতে পারেন সামী। সামী বলেন, ‘আমি নজরুলসংগীতে তালিম নিয়েছি। তবে হূদয় ভাইয়ার সফট মেলো-রক গানগুলো আমার অনেক পছন্দের। স্বপ্ন দেখতাম ভাইয়ার সঙ্গে গান করার।’অনেকক্ষণ ধরে হূদয় খান সবার কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। জানতে চাইলাম এ ধরনের উদ্যোগের প্রতি আগ্রহী হলেন কেন? হূদয় বলেন, ‘গান গাওয়ার প্রতি আমার ঝোঁক কোনোকালে সেভাবে ছিল না। গান করার চেয়ে গান তৈরির ব্যাপারটি আমাকে অনেক বেশি আনন্দ দেয়। বলতে পারেন, এটাতেই আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। হূদয় মিক্স ১ ও হূদয় মিক্স ২ অ্যালবাম দুটিতেও নতুন শিল্পীদের গান করিয়েছিলাম। প্রথম দুইটার পর মনে হলো, এবার সারা দেশ থেকে নয় কেন? এরপর আমার এ ইচ্ছার প্রতি সহযোগিতার হাত বাড়ায় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। এ জন্য রবিকে ধন্যবাদ।’শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জানতে চাইলে হূদয় বলেন, ‘আমি বরাবরই পরিপূর্ণ একজন শিল্পীর খোঁজ করেছি। যাদের গায়কির পাশাপাশি পরিবেশনের ব্যাপারটিও হতে হবে নজরকাড়া। সে ক্ষেত্রে শেষ পর্যন্ত যে ছয়জন কণ্ঠশিল্পীকে আমরা পেয়েছি, তাঁরা সত্যিকার অর্থেই অনেক প্রতিভাবান।’জীবনের প্রথম অ্যালবামে পছন্দের শিল্পীর সঙ্গে গান করে স্বপ্ন পূরণ হয়েছে সবার। নিজেদের কোনো পরিবর্তন কি হয়েছে। সবাই একসঙ্গে বলে ওঠেন—‘কী যে বলেন না। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন থেকে শুরু করে সবাই এখন আমাদের আলাদাভাবে মূল্যায়ন করে। বন্ধুদের মধ্যে অনেকেই আবার স্টার মানুষ বলেও একধরনের টিপ্পনী কাটে। তবে এটা কিন্তু তাঁরা ইতিবাচকভাবে বলে। তাই ভালোও লাগে।’হ্যাপি বলেন, ‘হূদয় মিক্স থ্রি অ্যালবামের পুরো প্রক্রিয়াটির সিডি প্রকাশিত না হওয়া পর্যন্ত কাউকে জানাইনি। অ্যালবামটির সিডি প্রকাশিত হয়েছে ঈদের কয়েক দিন আগে। ঈদে যারাই বাসায় বেড়াতে এসেছে সবাইকে একটা করে সিডি উপহার দিয়েছি।’হূদয় মিক্স থ্রি অ্যালবামের মধ্য দিয়ে রাইসা, ফারাবী, সামী, ঐশী, হ্যাপি ও আলভী এক পরিবারের সদস্য হয়ে গেছেন বলে মনে করেন হূদয় খান। এঁদের নিয়ে এখন যত চিন্তা তাঁর। হূদয়ের পরবর্তী প্রকল্পগুলোতে এখন থেকে এঁরাই কাজ করবেন বলে জানান তিনি। কথা বলতে বলতে ঘড়ির কাঁটায় রাত সাড়ে ১০টা বেজে যায়। একটি অনুষ্ঠানে যোগ দিতে হূদয়কে বের হতে হবে। আর ওদিকে সবার বাসায় ফেরার তাগিদটাও বাড়তে থাকে। বাধ্য হয়ে আড্ডার ইতি টানতে হয়। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাকে ছুটতে হয় গন্তব্যের দিকে।