হূদয় খানের সংগীতে সন্দীপনের অ্যালবাম
ঈদের জন্য নতুন অ্যালবাম তৈরি করছেন সন্দীপন। এটি তাঁর ষষ্ঠ অ্যালবাম। নাম এখনো চূড়ান্ত হয়নি। এবার সন্দীপনের নতুন অ্যালবামের সংগীত পরিচালনা করছেন হূদয় খান। সন্দীপন জানালেন, প্রায় বছর দেড়েক ধরে কাজ করছেন অ্যালবামটির। বেশির ভাগই চট্টগ্রাম ও সিলেটের আঞ্চলিক গান। থাকবে কয়েকটি মৌলিক গানও। এরই মধ্যে অ্যালবামের ছয়টি গানের ধারণকাজ শেষ হয়েছে।সন্দীপন বললেন, ‘আমার অন্য অ্যালবামগুলোর চেয়ে এবারেরটি একেবারেই অন্য রকম হবে। কিছু চমকও থাকবে। আপাতত তা প্রকাশ করতে চাচ্ছি না। ভালো লাগার দিকটা হচ্ছে, নিজের অ্যালবামের জন্য আমি গান লিখেছি, সুরও করছি। চট্টগ্রাম ও সিলেটের কম প্রচলিত কিছু গান করছি এখানে। মূল সুর ঠিক রেখে গানগুলোকে এ সময়ের মতো উপস্থাপন করছি।’সন্দীপনের অন্য অ্যালবামগুলো হলো সোনাবন্ধু (২০০৪), সোনার মেডেল (২০০৫), ট্রিবিউট টু এস ডি বর্মন অ্যান্ড আর ডি বর্মন (২০০৬), আয় প্রাণের উৎসবে (২০০৮) ও চান মুখে মধুর হাসি (২০০৯)।