হূদয় মিশ্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে হূদয়ের কাছে জানতে চাওয়া হলো—কোথায় বসা যায়। স্টুডিওতে, না বাইরে কোথাও? সেদিন আবহাওয়াটা বেশ ভালো ছিল বলেই হূদয় বললেন, বাইরেই কোথাও বসি।ঠিক হলো, বেগুনবাড়ী খালের ওদিকটায় আমরা বসব।কিছুক্ষণের মধ্যেই হূদয় মিক্স ২-এর সন্দীপন, রিন্তি, আরিফ ও হূদয় খান হাজির। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে তখনো দেরি। অ্যালবামের অন্য শিল্পী নির্ঝর আসতে পারেননি। আর সামি ঠান্ডাজ্বরে পড়ে আছেন বিছানায়। ওই দুজনকে ছাড়াই শুরু হলো আড্ডা।গায়ক, সংগীত পরিচালক হিসেবে হূদয় খানের আত্মপ্রকাশ হূদয় মিক্স অ্যালবামটি দিয়ে। ‘চাই না মেয়ে তুমি’, ‘ভেবে ভেবে বলি’সহ অ্যালবামের বেশ কয়েকটি গান পেয়েছিল দারুণ জনপ্রিয়তা। এবার হূদয় মিক্স ২। কী করতে চেয়েছেন এই অ্যালবামে? ‘আগের মতো ভালো কিছু গান করতে। যাদের নিয়ে কাজ করেছি, তারা সবাই ভালো গায়। আমি এসব ফুলকে এক এক করে সুন্দর একটা মালা গাঁথতে চেয়েছি। বলতে পারেন, ভালো মালি হওয়ার চেষ্টা করেছি।’—বলছিলেন হূদয় খান।হূদয় মিক্স অ্যালবামের শুধু নির্ঝরই ছিলেন এই অ্যালবামে। বাকি সবাই নতুন। কেন? ‘আমি আসলে একঝাঁক পুরোপুরি নতুন ভয়েস নিয়ে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু নির্ঝরের গলাটা এত বিশেষ রকমের যে ওকে না নিয়ে পারিনি। “মাওলা” গানটিতে যেমন স্যান্ডিকে (সন্দীপন) ছাড়া আমি অন্য কাউকে ভাবতেই পারছিলাম না। আমার ঠিক এ রকমই একটা পরিণত, গান খুব ভালো বোঝে, এমন একটা গলা দরকার ছিল। স্যান্ডি চাচা কেমন গায়, এটা তো নতুন করে শ্রোতাদের কাছে বলার কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে স্যান্ডির গানের বেশ ভক্ত। বিশেষ করে ওর গাওয়া লোক গানের।’ সুফি ঘরানার এই গানে সন্দীপনের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন রিন্তি। সন্দীপন বললেন, ‘আমি খুবই ভাগ্যবান যে হূদয় এত সুন্দর একটা গান আমাকে দিয়েছে। গাইতে গিয়ে গানটি আমার ভালো লেগে যায়। হূদয় যে এ ধরনের গানও করতে পারে, আমার জানা ছিল না।’ রিন্তির সঙ্গে হূদয়ের পরিচয় ফেসবুকে। সেখান থেকেই বন্ধুত্ব। রিন্তি টুকটাক গান গায় আগে থেকেই। জানতে পেরে রিন্তিকে স্টুডিওতে আসতে বলে হূদয়। এরপর নিয়মিত যোগাযোগ। হূদয় বললেন, ‘ওর গান শুনেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, ওর গলাটাকে আমি ব্যবহার করব। ও খুব মেধাবী আর প্রাণোচ্ছল।’ রিন্তি বললেন, ‘আমি জীবনের প্রথম গান করলাম হূদয় খানের সঙ্গে। এ কারণে আমি অনেক খুশি। পড়াশোনার পাশাপাশি গানটাকে আমি সিরিয়াসলি নিতে চাই এখন।’ সন্দীপন, রিন্তি এবারই প্রথম হূদয়ের সঙ্গে কাজ করলেও আরিফ কাজ করছেন অনেক আগে থেকে। ক্লোজআপ ওয়ানের প্রথম আয়োজনে সেরা ১৫তে ছিলেন আরিফ। তাঁর প্রথম একক অ্যালবামের সুর ও সংগীতায়োজনের কাজও করেছিলেন হূদয়। ‘আমার প্রথম একক অ্যালবামের কাজ করেছিল হূদয়। তখন থেকেই নিয়মিত ওর সঙ্গে যোগাযোগ। হূদয় মিক্স যখন জনপ্রিয় হয়, তখন থেকেই আমার ইচ্ছা ছিল এ রকম একটা অ্যালবামে কাজ করার। এবার সেটা হয়েছে।’ আরিফকে নিয়ে হূদয় খানের মন্তব্য, ‘গানের ব্যাপারে সিরিয়াস। পারলে জীবন দিয়ে দেয়।’বৈশাখের চমৎকার আবহাওয়া এদিকে বদলে গেছে। প্রমাণ হলো আরেকবার। কোত্থেকে আকাশ ভরে গেল মেঘে। সন্ধ্যার আগেই যেন ঝুপ করে সন্ধ্যা নামল বেগুনবাড়ী খালের পাড়ে। শুরু হলো ঝুম বৃষ্টি। গাড়ির ভেতরে গিয়ে আশ্রয় নিতেই হূদয় নিশপিশ করতে লাগলেন। ‘এ বছর প্রথম বৃষ্টি দেখছি। না ভিজলে তো অন্যায় হয়ে যাবে। এই চল না সবাই মিলে ভিজি।’ সন্দীপন গররাজি, রিন্তি করছেন আমতা আমতা। আরিফ অবশ্য বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে ইত্যাদি বলে হূদয়কে নিরস্ত করার চেষ্টা করলেন। কে শোনে কার কথা। কিছুক্ষণ পর দেখা গেল চারজন মিলে বৃষ্টিতে হইহল্লা করছেন। পাশ দিয়ে একের পর এক গাড়ি যাচ্ছে, আর ভেতর থেকে অবাক চোখে তাকিয়ে দেখছে বৃষ্টিস্নাত চার তরুণ-তরুণীর পাগলামি।