
ফ্রোজেন-এর নায়িকা আসলে কে? স্নো কুইন এলসা? রাজকুমারী অ্যানা? নাকি রানি জেনিফার লি?
রূপকথার জাদুকর হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের গল্পটা যাদের জানা আছে, তারা বলবে, এলসাকে না হয় চিনলাম। অ্যানাকেও। কিন্তু রানি লি? তিনি আবার কে?
লি এই ছবিটার যৌথ পরিচালক। চিত্রনাট্যও তাঁর করা। রাজকুমারীদের নিয়ে বানানো ডিজনির ছবি বলতেই কিছু প্রথাগত ব্যাপার আছে। ছবিতে একটা ভয়ংকর ভিলেন থাকবে। সুদর্শন এক রাজপুত্র। ছবিটা হবে আবেগে টইটম্বুর। ছবির কাহিনি লিখবেন আর পরিচালনা করবেন পুরুষেরাই। অ্যানিমেশন জগতে যে পুরুষদের একাধিপত্য।
ফ্রোজেন ছবিটায় সেই অর্থে কোনো ভিলেনই নেই। পয়লা দফাতেই এভাবেই ডিজনির সূত্র অমান্য করেছে ফ্রোজেন। তবে সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে পরিচালনায়। সেই ১৯৩৭ সাল থেকে ছবি বানাচ্ছে ডিজনি। তাদের বানানো অ্যানিমেটেড ছবির তালিকার দৈর্ঘ্যও বিশাল। কিন্তু এই প্রথম কোনো নারী পরিচালনা করলেন ডিজনির ছবি। শুধু তা-ই নয়, লি-ই হচ্ছেন অ্যানিমেশন দুনিয়ার বড় বড় স্টুডিওগুলোর প্রথম ব্যক্তি, যিনি কাহিনিকার থেকে পরে পরিচালনায় এসেছেন। এই কৃতিত্ব নারী-পুরুষ মিলিয়েই!
লি ও ক্রিস বাকের যৌথ পরিচালনার এই ছবিটি মুক্তি পেয়েছিল গত নভেম্বরে। একটি ছবি দুই মাসেই পুরোনো হয়ে যায়। অন্তত সেটিকে নিয়ে নতুন করে আলোচনার কিছু থাকে না। যদি না দুই মাস পরও সেই ছবিটি নিয়ে আগ্রহের পারদ চড়তেই থাকে। ফ্রোজেন নিয়ে যেহেতু লেখা হচ্ছে, দুইয়ে দুইয়ে চার মেলাতে নিশ্চয়ই কষ্ট হওয়ার কথা নয় কারও যে, ছবিটা নিয়ে এখনো আছে যথেষ্ট কৌতূহল। ফ্রোজেন যে এখনো বক্স অফিসে ছড়ি ঘুরিয়েই যাচ্ছে।

মুক্তির ছয় সপ্তাহে ফ্রোজেন আয় করেছে ৬৪ কোটি ডলার। এরই মধ্যে এটি ডিজনির সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল দ্বিতীয় ছবির মুকুট পরে ফেলেছে। দ্য লায়ন কিং ৯৮ কোটি ডলার আয় করে এ তালিকার শীর্ষে আছে। অ্যানিমেশনের ইতিহাসে একটি ছবিই দ্য লায়ন কিং-এর চেয়ে বেশি আয় করেছে। পিক্সারের টয় স্টোরি থ্রি। প্রথম ও একমাত্র বিলিয়নিয়ার অ্যানিমেশন ছবি হলো এটি।
দ্য লায়ন কিং কিংবা টয় স্টোরি থ্রির সাফল্য এখনো অনেক দূরের। তবে যেভাবে এগোচ্ছে, তাতে ফ্রোজেন সর্বকালের সবচেয়ে সফল দশ অ্যানিমেশন ছবির তালিকায় জায়গা করে নিতেই পারে। আপাতত ছবিটির অবস্থান এই তালিকার ১৫ নম্বরে। বিশ্বজুড়ে আর আয় করতে হবে ১০ কোটি ডলার, তাহলেই জায়গা মিলবে সেরা দশে। মাদাগাস্কার, আইস এজ, কুংফু পান্ডা, শ্রেক, আপ, ফাইন্ডিং নিমোর মতো আলোচিত ছবির তালিকায় জায়গা হবে ফ্রোজেন-এরও!
ভিলেন নেই, সুদর্শন রাজপুত্রের সঙ্গে জবুথবু প্রেম নেই, তাহলে ফ্রোজেন-এর সাফল্যসূত্র কী? রহস্য এর অসাধারণ নির্মাণকৌশলে। রহস্য এক আবেগময় গল্পে।
এলসা আর অ্যানা নামের দুই রাজকুমারীকে নিয়ে গল্প। ছেলেবেলায় যারা ছিল মানিকজোড়। বড় বোন এলসার আছে জাদুকরি এক ক্ষমতা। নিজের আঙুল দিয়ে সে মুহূর্তেই বানিয়ে ফেলতে পারে তুষার কিংবা বরফ। রাজপ্রাসাদের ভেতরে যেটি দুই বোনের জন্য ছিল মজার এক খেলা। কিন্তু এই খেলাই ডেকে আনল বিপদবার্তা। এলসার জাদুকরি ক্ষমতার আঘাতে অ্যানা প্রায় মরতেই বসল। বনের ডাইনিদের পরামর্শে আলাদা করা হলো দুই বোনকে। ঘুম থেকে উঠে অ্যানা দেখল, সে এখন অন্য এক জগতে বাস করে, যেখান থেকে অ্যানার সঙ্গে মেশার আর কোনো সুযোগ তার নেই। বেশ কয়েক বছর পর দুই বোনই যখন বড় হলো, এলসার খোঁজে বাড়ি থেকে বের হলো অ্যানা। বোনকে তার ভীষণই দরকার। কারণ, তাদের রাজ্য স্থায়ী এক শীতবুড়োর প্রকোপে আক্রান্ত। এই সুযোগে অ্যানার হবু স্বামী প্রিন্স হ্যান্স ষড়যন্ত্র করে রাজসিংহাসন দখল করার পরিকল্পনা করল। ভয়াবহ বিপদ। এলসাকে ভীষণই দরকার। কিন্তু তাকে খুঁজে পেতে হলে পাড়ি দিতে হবে বিপদসংকুল এক পথ। আর সেই অভিযানে অ্যানার সঙ্গী হলো ক্রিস্টফ, আর তার পোষা বল্গা হরিণ সভেন। দুই বোনের ভালোবাসার, হূদয়ের উষ্ণতার গল্প ফ্রোজেন।
যে ছবিটাকে ঠিক ডিজনির আর সব ছবির মতো লাগেনি। ডিজনিকে যে আরও এক ধাপ এগিয়ে নিল এই ছবিটা। সবচেয়ে বড় কথা, ডিজনির আর সব রাজকুমারীর তুলনায় অ্যানা ও এলসার আবেগ একেবারেই অন্য রকম। এবার এই দুই চরিত্র যে নির্মাণ করেছেন একজন নারী। অতল অতলান্তিক নারী মনের খোঁজ একজন নারী ছাড়া ভালো আর কে বুঝবেন! নারীর মনস্তত্ত্ব এত ভালোভাবে আগে কখনো ডিজনির ছবিতে উঠে আসেনি।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্রে উচ্চতর ডিগ্রি নেওয়া লিকে হয়তো পাঁড় অ্যানিমেশন-ভক্তরা চিনবেন। গত বছরের আরেকটি ব্যবসাসফল ছবি রেক ইট রালফ-এর চিত্রনাট্য লিখেছিলেন তিনি।
রাজীব হাসান
হলিউড রিপোর্টার অবলম্বনে