হূদয়ে বাংলাদেশ
‘সাগর ভাই, একটা কথা বলি। চ্যানেল আই শুধু আপনাদের না, আমাদেরও। এর অংশীদার আমরা সবাই।’যুগপূর্তির দিন সকালে সাধারণ এক দর্শক আমার হাতে একটি ফুলের তোড়া তুলে দিয়ে এ কথা বলে চলে গেলেন।মানুষটির কথায় শরীরটা শীতল হয়ে এল, সব ক্লান্তি দূর হয়ে গেল।সকাল সকালই চ্যানেল আই ভবনে আসা। দেখি, জানা-অজানা, চেনা-অচেনা অনেক মানুষ ফুল ও কেক হাতে দাঁড়িয়ে। তাঁরা শুভেচ্ছা জানাতে এসেছেন। এই অজানা-অচেনা মানুষের একজন বলে গেলেন কথাটা।আহ!্ কী গর্বের কথা! দেশ-বিদেশের এই অজানা-অচেনা অসংখ্য মানুষ নিয়েই তো ‘আমার চ্যানেল আই’।একটা প্রতিষ্ঠানের ইতিহাসের জন্য ১২ বছর কি খুব বেশি সময়? আমার তা মনে হয় না। যুগপূর্তি উদ্যাপন শেষে একটা বিষয় আমার মনে হচ্ছে, প্রতিষ্ঠার প্রথম দিন চ্যানেল আই যা করতে চেয়েছিল, তা পেরেছে। একটা পরিবার তৈরি করতে পেরেছে চ্যানেল আই, যে পরিবারের হূদয়ে আছে বাংলাদেশ। এখন তো তেজগাঁওয়ে ষাট হাজার বর্গফুট আয়তনের বিশাল জায়গা নিয়ে চ্যানেল আই। কিন্তু যখন সিদ্ধেশ্বরীর ছোট একটা বাড়িতে ছিল চ্যানেল আই, তখন দেখেছি, চ্যানেল আইয়ের জন্মদিনের প্রথম প্রহরে স্বজনদের নিয়ে কেক কেটে যখন আমরা বের হচ্ছি, সেই ছোট বাড়িটার নিচে রাস্তায় দাঁড়িয়ে আছেন চ্যানেল আইয়ের অনেক শুভানুধ্যায়ী। তাঁরা আগাম শুভেচ্ছা নিয়ে এসেছেন।এখন বড় জায়গায় এসেও জন্মদিনের সেই উত্তাপ সে রকমই আছে। যুগপূর্তির দিন (১ অক্টোবর) সকাল থেকেই টিপটিপ বৃষ্টি। কখনো হালকা মেজাজে, কখনো বা চারপাশ ছাপিয়ে। চ্যানেল আই অঙ্গনে সারা দিন বৃষ্টিময় এই আনন্দমেলায় শুভার্থীদের ঢল যেন বেড়েই চলে। সবার হাতে কেক, ফুল, মিষ্টি। কোনো কোনোটায় চ্যানেল আইয়ের লোগো। আলাদা কার্ডে লেখা, ‘জন্মদিনে, যুগপূর্তিতে চ্যানেল আইকে শুভেচ্ছা।’সবাই এসেছেন যেন পরিকল্পনা করেই: ‘আজ আমরা চ্যানেল আইতেই যাব। এ উপহারগুলো দেব। আনন্দভরা শুভদিনে এভাবেই শুভেচ্ছা জানাব।’ এটাই কি ভালোবাসা নয়! এটা কি সম্প্রীতির অনন্য উদাহরণ নয়!কৃষক এসেছেন দূরদূরান্ত থেকে তাঁদের ফলানো নানা ফসল নিয়ে। সঙ্গে করে নিয়ে এসেছেন সরল-সবুজ মন। এ সবই লাইভ অনুষ্ঠানে পর্দায় দেখেছেন দর্শক। এটা বহিরাঙ্গনের দৃশ্য।কিন্তু অন্তরঙ্গে আমি যেটা দেখেছি, তা হলো, অন্য টেলিভিশন চ্যানেলগুলোর কর্তাব্যক্তিদের আন্তরিক উষ্ণতা; প্রস্তাবিত চ্যানেল, টেস্ট ট্রান্সমিশন চ্যানেল—তাঁরাও ফুলেল শুভেচ্ছা জানিয়ে গেলেন, আনন্দ-আড্ডায় নিজেদের ভাসিয়ে নিয়ে গেলেন।এ প্রাপ্তিটুকু কি একটি প্রতিষ্ঠানের জন্য বিরল ঘটনা নয়?দেশের প্রায় প্রতিটি দৈনিকই সৌহার্দ্যের নিদর্শনস্বরূপ প্রকাশ করেছে এক পৃষ্ঠার বিশেষ ক্রোড়পত্র। ফিচার, প্রবন্ধ, নিবন্ধ ছাপল। ছবিসহ ফলাও করে নিউজ করল। যাঁদের হূৎপিণ্ডে বাংলাদেশ, সেসব বরেণ্য ব্যক্তিত্ব চ্যানেল আইকে ভালোবেসে লিখলেন হূদয়-নিংড়ানো লেখা, যা টানা সাত দিন বিভিন্ন দৈনিকে ছাপা হলো। একটি টিভি চ্যানেলের যুগপূর্তিতে আবেগে ভেসে যাওয়ার মতো এত সম্মান, সত্যিই মুগ্ধ করার মতো।