হূদয়ের ছোঁয়া...
সময়টা আগেই চূড়ান্ত করা হয়েছিল, রোববার সন্ধ্যা সাতটায়। পল্টনে হূদয় খানের ইকিউ মিউজিক স্টেশন স্টুডিওতেই আড্ডা হবে। কিন্তু সেদিন হূদয়কে পাওয়া গেল প্রায় আড়াই ঘণ্টা পর। স্টুডিওতে ঢুকেই দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করলেন। জানালেন, খুব জরুরি কাজ ছিল। এরপর রাস্তায় ট্রাফিক জ্যাম...।অ্যালবাম তো বেরিয়ে গেছে। এখন কী নিয়ে ব্যস্ততা?‘অ্যালবামের জন্য টানা অনেকটা সময় দিতে হয়েছে। তাই অনেক কাজ জমে গেছে। নতুন অ্যালবামের তিনটি গান নিয়ে মিউজিক ভিডিও তৈরি করছি। গানগুলোর শিরোনাম “একি ছোঁয়া”, “আড়াল” ও “এত কিছু বোঝো”। এখানে আমি থাকছি, সঙ্গে আছেন সুজানা। পরিচালনার কাজটা আমি নিজেই করছি।’ বলেই জিবে কামড়! বললেন, ‘প্লিজ, এটা লিখবেন না। আমি এখনই পরিচালনা করার কথাটা সবাইকে জানাতে চাই না।’এভাবেই হূদয় একটু একটু করে নিজেকে পরিচালক হিসেবে তৈরি করছেন। বছর খানেক আগে নিজের এক স্বপ্নের কথা প্রথম আলোকে জানিয়েছিলেন, সামনে চলচ্চিত্র পরিচালনা করবেন। নিজের গানের ফাঁকে ফাঁকে চলছে তার প্রস্তুতিও।মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি টেলিভিশন-এর জন্য তিনটি গান তৈরি করছেন তিনি। জানালেন, সুর তৈরির কাজ চলছে। গানের সংখ্যা বাড়তেও পারে।ফারুকীর সঙ্গে হূদয়ের কাজগুলো ইদানীং বেশ ভালো হচ্ছে। প্রশংসিত হচ্ছে। জনপ্রিয়তা পাচ্ছে। এই যেমন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির নতুন বিজ্ঞাপনচিত্র। হূদয় জানালেন, ‘আমার রবি’ নামের আড়াই মিনিটের বিজ্ঞাপনচিত্রটির সুর ও সংগীতায়োজন তিনিই করেছেন।৫ এপ্রিল অগ্নিবীণা থেকে এসেছে হূদয় খানের দ্বিতীয় একক অ্যালবাম, ছোঁয়া। হূদয় মিক্স ১, হূদয় মিক্স ২ কিংবা বলনার পর ছোঁয়া শ্রোতাদের হূদয় কতটা ছুঁতে পেরেছে? হূদয় বললেন, ‘বাজারে আসার আগেই অন্য অ্যালবাম তিনটির কয়েকটি গান খুব জনপ্রিয় হয়েছিল। তখন অ্যালবাম তিনটির ব্যাপারে শ্রোতাদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। এবারও একই পদ্ধতি অবলম্বন করেছি—শুরুতেই কয়েকটি গান রেডিওর এফএম চ্যানেলগুলোতে দিয়েছি, বিভিন্ন কনসার্টে গেয়েছি। আর অ্যালবাম আসার পর শ্রোতাদের কাছ থেকেও বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি।’নিজের নতুন গানগুলোর ব্যাপারে বললেন, ‘অন্যগুলোতে যেমন হাতে গোনা কয়েকটি গান খুব জনপ্রিয় হয়েছে, এবার কিন্তু নানা ধরনের গান রয়েছে। একেকজন একেকটা শুনছে।’সঙ্গে ছিল সাধারণ অভিযোগ, পাইরেসি সমস্যা।নিজের নতুনটির জন্য যে পরিমাণ গান তৈরি করেছিলেন হূদয়, সেগুলো নাকি সব দিতে পারেননি অ্যালবামে। বললেন, ‘গান করার পর যেগুলো খুব ভালো লেগেছে, সেগুলোই রেখেছি। অ্যালবামের ‘‘এত কিছু বোঝো” গানটির কাজ দুবার করতে হয়েছে। প্রথমবার কাজ শেষ হওয়ার পর বৈদ্যুতিক ত্রুটি আর কারিগরি সমস্যার কারণে পুরোটা নষ্ট হয়ে যায়। শেষে নতুন করে তৈরি করতে হয় গানটি। দ্বৈত কণ্ঠের দুটি গানের জায়গায় রাখা গেছে একটি।’সাড়ে তিন বছর আগে পল্টনে নিজের স্টুডিও গড়েছেন হূদয়। কনসার্ট বা কোনো মিটিং না থাকলে বেশির ভাগ সময় এখানেই থাকেন। গান নিয়ে কাজ করেন।হূদয়ের বয়স এখন ২০। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো—কোনোটাই হয়নি তাঁর। জানালেন, পড়াশোনা করেছেন ও লেভেল পর্যন্ত। বাকিটুকুর জন্য একটু সময় বের করার খুব চেষ্টা করছেন। প্রথম অ্যালবামটি যখন জনপ্রিয় হয়, তখন তাঁর বয়স ছিল ১৭। সেই থেকেই হূদয়ের ব্যাপারে সবার আগ্রহ। যে সময়টি আনন্দ করে কাটানোর কথা ছিল তাঁর, জনপ্রিয়তা সেখানে বাধা হয়ে দাঁড়ায়। সামনে চলে আসে নিরাপত্তার প্রশ্ন। ইচ্ছা হলেও অনেক কিছুই করতে পারেন না হূদয়।বললেন, ‘আমি একসময় খুব ক্রিকেট খেলতাম। বিলিয়ার্ডও খেলি। গত শনিবার ক্রিকেট খেলতে খুব ইচ্ছা হলো। শেষে বাসার সামনেই আশপাশের ছেলেদের সঙ্গে অনেকক্ষণ ক্রিকেট খেলেছি। যখন দেশের বাইরে যাই, তখন নিজের মতো করে ঘুরে বেড়ানোর চেষ্টা করি। ফটোগ্রাফির নেশা আছে। সুযোগ পেলেই ছবি তুলি।’রাত বেড়ে যাচ্ছে। বাসায় ফেরা দরকার। স্টুডিওতে হূদয় তখন তৈরি হচ্ছেন নতুন গানের কাজ করার জন্য।