হূদয়ের পরিচালনায় সন্দীপন
গায়ক সন্দীপনের প্রথম অ্যালবাম ‘সোনাবন্ধু’ বেরিয়েছিল ২০০৪ সালে। তারপর একে একে বের হয় সোনার মেডেল (২০০৫), ট্রিবিউট টু এসডি বর্মণ অ্যান্ড আরডি বর্মণ (২০০৬), আয় প্রাণের উত্সবে (২০০৮) ও চান মুখে মধুর হাসি (২০০৯)। রোজার ঈদে হূদয় খানের সুর ও সংগীত পরিচালনায় আসছে সন্দীপনের ষষ্ঠ একক অ্যালবাম। প্রায় দেড় বছর ধরে অ্যালবামটির কাজ চলছে। এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া এই অ্যালবামে মোট গান থাকবে ১০টি। এরই মধ্যে ছয়টি গানের রেকর্ডিং শেষ হয়েছে বলে জানান সন্দীপন। অ্যালবামের বেশির ভাগই চট্টগ্রাম ও সিলেটের ফোক গান। পাশাপাশি থাকবে কয়েকটি মৌলিক গানও।সন্দীপন বলেন, ‘আগের অ্যালবামগুলোর চেয়ে এবারের অ্যালবামটি অনেক ক্ষেত্রেই ভিন্ন হবে। থাকবে কিছু চমকও। আপাতত সেটি প্রকাশ করতে চাচ্ছি না। ভালো লাগার দিকটা হচ্ছে এই প্রথম নিজের অ্যালবামের জন্য গান লিখলাম। পাশাপাশি সুরও করছি। শ্রোতাদের কথা চিন্তা করেই ভালো কিছু কথার গান রাখার চেষ্টা করছি এতে।’ সন্দীপন আরও বলেন, ‘মৌলিক গানের পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের কম প্রচলিত আঞ্চলিক গান রাখা হবে এবারের অ্যালবামে। মূল সুরটা ঠিক রেখে গানগুলোকে বর্তমান সময়োপযোগী করে উপস্থাপন করব।’