হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ঘোষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোষণা করা হচ্ছে হূমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার
ঘোষণা করা হচ্ছে হূমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ বছর চালু হয়েছে এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার। প্রথমবার এ পুরস্কার পেয়েছেন বরেণ্য কথাসাহিত্যিক শওকত আলী ও তরুণ ঔপন্যাসিক সাদিয়া মাহজাবীন ইমাম।
আজ বেলা সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এক্সিম ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব করপোরেট অ্যাফেয়ার্স সজীব চট্টোপাধ্যায়, পাক্ষিক অন্যদিনের সম্পাদক মাজহারুল ইসলাম এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
শওকত আলীকে কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এবং সাদিয়া মাহজাবীন ইমামকে নবীন কথাসাহিত্যিক ক্যাটাগরিতে পুরস্কারটি দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্তদের মনোনয়নের জন্য গঠিত ৫ সদস্য বিশিষ্ট বিচারকমণ্ডলীর সভাপতি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। জুরি বোর্ডে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, হায়াৎ মামুদ, আবুল হাসনাত ও পূরবী বসু।
পুরস্কার হিসেবে শওকত আলী পাবেন ৫ লাখ টাকা, সম্মাননা স্মারক, সনদ ও উত্তরীয়। আর সাদিয়া মাহজাবীন ইমাম পাবেন এক লাখ টাকা, সম্মাননা স্মারক, সনদ ও উত্তরীয়।
শওকত আলীর জন্ম ১২ ফেব্রয়ারি ১৯৩৬ সালে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। ‘পিঙ্গল আকাশ’, ‘উন্মুল বাসনা’, ‘প্রদোষে প্রাকৃতজন’ তাঁর বহুল আলোচিত বই। তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ একাধিক পুরস্কারের পাশাপাশি ১৯৯০ সালে একুশে পদক লাভ করেছেন।

সাদিয়া মাহজাবীন ইমামের জন্ম ১৯৮২ সালে ১২ অক্টোবর ফরিদপুরে। ২০১৪ সালে প্রকাশিত ‘পা’ গল্পগ্রন্থের জন্য তিনি এ পুরস্কারটি পেয়েছেন।