হৃতিক-জ্যাকুলিন দিয়ে খেলা শুরু

শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসর। ২০ নভেম্বর পর্দা উঠবে এ আসরের। খেলা শুরু হবে ২২ নভেম্বর থেকে। বিনোদনপ্রেমীদের জন্য ২০ তারিখ থাকছে বড় আকর্ষণ। সেদিন বলিউড তারকা হৃতিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ উদ্বোধনী অনুষ্ঠানে নাচবেন। গাইবেন বলিউডের জনপ্রিয় গায়ক কে কে। বাংলাদেশি তারকা শিল্পীদের পরিবেশনাও থাকবে এ আয়োজনে। গাইবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আইয়ুব বাচ্চু ও মমতাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জ্যাকুলিন ফার্নান্দেজ ও কে কে এর আগে ঢাকায় এলেও হৃতিক এবারই প্রথম আসছেন। জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেটকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে অন্যরকম একটি উন্মাদনা কাজ করে। তাই এ ধরনের আসরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা রকম পরিকল্পনা করতে হয়। এবারের আসরের অনুষ্ঠানও জাঁকজমকপূর্ণ করার পরিকল্পনা করা হয়েছে। এতে দেশের পাশাপাশি বাইরের শিল্পীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি, উদ্বোধনী অনুষ্ঠান বেশ উপভোগ্য হবে।’
জালাল ইউনুস এও বলেন,‘বিপিএল এবারের আসরকে ঘিরে একটি থিম সং তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। এতে দেশের জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁরা পরিবেশনায় অংশ নেবেন।’