হৃতিক-জ্যাকুলিনে মাতবে ঢাকা

ক্রিকেট এখন বাংলাদেশের অন্যতম একটা উৎসবের উপলক্ষ। আর তাই তো ক্রিকেটকে ঘিরে থাকে জাঁকজমকপূর্ণ নানা আয়োজন। কয়েক বছর ধরেই বাংলাদেশে ক্রিকেটের বড় কোনো আসর মানেই দেশের তারকাদের পাশাপাশি বাইরের দেশের তারকাদের উপস্থিতি। বাংলাদেশের এসব অনুষ্ঠানে প্রাধান্য পায় ভারতের তারকারা। দর্শকের চাহিদা ও আয়োজনের প্রতি মানুষের আকর্ষণ বাড়াতে এমন পথ বেছে নেন বলে জানান আয়োজকেরা। সেই ধারাবাহিকতায় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ঘিরেও থাকছে ভারতের কয়েকজন তারকার উপস্থিতি। এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন বলিউডের জনপ্রিয় নায়ক হৃতিক রোশন, নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও গায়ক এবং সংগীত পরিচালক কে কে। সঙ্গে আছেন তাঁদের কলাকুশলীরাও। সন্ধ্যায় ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগত দর্শকেরা মাতবেন হৃতিক-জ্যাকুলিনের নানা পরিবেশনায়। যাঁরা স্টেডিয়ামে থাকবেন না বা যাদের থাকার সুযোগ হবে না, তাঁদের হতাশ হওয়ার কিছু নেই। অনুষ্ঠানটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন।
২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের তৃতীয় আসর। তাঁর আগেই আজ শুক্রবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে বিসিবি কর্তৃপক্ষ। আগের দুটি আসরেও বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি ভারতের জনপ্রিয় তারকাকে দেখা গেছে। তাঁরাও মাত করেছিলেন দর্শকদের। কিন্তু আয়োজকেরা এবার আরও বেশি জমকালো আয়োজন করেছেন। মাঝে বিরতি শেষে আবার বিপিএল শুরু হওয়ায় চমক রাখতে চাচ্ছেন তারা। আজকের অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদের মধ্যে গান গাইবেন মমতাজ, ব্যান্ড এলআরবি ও চিরকুট।
জ্যাকুলিন ও কে কে এর আগে ঢাকায় এসেছিলেন। তবে হৃতিকের এটি প্রথম ঢাকা সফর। আয়োজকদের পক্ষে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল প্রথম আলোকে জানান, ‘বিপিএলের উদ্বোধনী কনসার্ট মাতাবেন বাংলাদেশ-ভারতের জনপ্রিয় শিল্পীরা। বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে থাকবেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও কে কে। থাকবেন বাংলাদেশের শিল্পীরাও। কিন্তু আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই তারার মেলা মাঠে থেকে উপভোগ করতে পারবেন খুব কমসংখ্যক সাধারণ দর্শকই।’
আয়োজক সূত্রে জানা গেছে, হৃতিক মঞ্চে উঠবেন রাত সাড়ে নয়টায়। টানা এক ঘণ্টা তাঁর নিজের জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তিনি। হৃতিকের আগে মঞ্চে উঠবেন জ্যাকুলিন।
হৃতিক রোশন শুধু ভারতে জনপ্রিয় নন, বাংলাদেশেও রয়েছে তাঁর অগণিত ভক্ত। আর তাই বড় তারকাদের খোঁজে থাকা আয়োজকেরা হৃতিককে বেছে নিয়েছেন এবার। সঙ্গে জ্যাকুলিনকে। তিনি বর্তমানে বলিউডে উঠতি তারকাদের মধ্যে অন্যতম। পাশাপাশি বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছেন গায়ক ও সংগীত পরিচালক কে কে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস প্রথম আলোকে জানান, ‘ক্রিকেটকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে অন্যরকম একটি উন্মাদনা কাজ করে। তাই এ ধরনের আসরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা রকম পরিকল্পনা করতে হয়। এবারের আসরের অনুষ্ঠানও জাঁকজমকপূর্ণ করার জন্যই এমন আয়োজন। আশা করছি, উদ্বোধনী অনুষ্ঠান বেশ উপভোগ্য হবে।’