হৃতিকে মুগ্ধ ক্রিস্টেন স্টুয়ার্ট!
বলিউডের ছবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। এ ক্ষেত্রে সহ-অভিনেতা হিসেবে তাঁর প্রথম ও একমাত্র পছন্দ হৃতিক রোশন। ক্রিস্টেনের ভাষ্য, ‘ভালো চিত্রনাট্যের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলে আমি সানন্দে বলিউডে পা রাখব। বলিউডের অভিনেতাদের মধ্যে হৃতিক রোশনকে খুবই ভালো লাগে আমার। অভিনেতা হিসেবে তিনি চমত্কার। তাঁর মতো সুদর্শন একজন তারকার সঙ্গে কাজ করতে পারলে আমার অনেক ভালো লাগবে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। ক্রিস্টেন আরও বলেন, ‘হৃতিকের রূপে আমি মুগ্ধ। সত্যি বলতে, আমার যদি কখনো ছেলে হয়, আমি চাইব তার চেহারা যেন হৃতিকের মতো হয়। তবে আমার সন্তান যেন রবার্টের মতো চোখই পায়।’‘টোয়াইলাইট’ সিরিজের সবগুলো ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন। সিরিজের সর্বশেষ ছবি ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন-পার্ট ২’ মুক্তি পেয়েছে ১৬ নভেম্বর। প্রথম সপ্তাহেই ছবিটি আয় করেছে ৩৪১ মিলিয়ন মার্কিন ডলার। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘টোয়াইলাইট’ সিরিজের প্রথম ছবিতে কাজ করতে গিয়ে প্রণয়ে জড়িয়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন। সেই থেকে প্রেমের তরী বাইছেন তাঁরা। মাঝে নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ক্রিস্টেনের পরকীয়ার খবর ও ছবি ফাঁস হলে দীর্ঘদিনের প্রেমিক প্যাটিনসনকে হারাতে বসেছিলেন ক্রিস্টেন। পরে নিজের ভুল স্বীকার করে শেষ পর্যন্ত প্রেমিকের ক্ষমা পেয়েছেন ২২ বছর বয়সী এ অভিনেত্রী।