হৃতিকের অজানা দশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক রোশন
হৃতিক রোশন

বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা হৃতিক রোশন পৃথিবীর আলো প্রথম দেখেছিলেন ১৯৭৪ সালের ১০ জানুয়ারি। আজ তাঁর ৪০তম জন্মদিন। জন্মদিনের উপহার হিসেবে হৃতিক-ভক্তদের প্রিয় তারকা সম্পর্কে ১০টি হাঁড়ির খবর জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

অভিনয়জগতে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন হৃতিক
আজ বলিউডে সুপ্রতিষ্ঠিত তারকা হৃতিক রোশন। অভিনয়জগতে আজকের জনপ্রিয় এ তারকা অভিনেতার যাত্রাটা শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘আপকে দিওয়ানে’ ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল হৃতিককে। ছবিটির প্রযোজক ছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। ছবিটিতে রহিম চরিত্রে অভিনয়ও করেছিলেন রাকেশ। ছবিটির একটি গানের দৃশ্যে দেখা গিয়েছিল পাঁচ বছর বয়সী হৃতিককে। দৃশ্যটিতে শিশু রহিম চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরের বছর মুক্তি পায় হৃতিকের দাদা ও চলচ্চিত্রনির্মাতা-প্রযোজক জে ওম প্রকাশ পরিচালিত ছবি ‘আশা’। এই ছবির একটি গানের সঙ্গে নেচেছিলেন ছোট্ট হৃতিক। তাঁকে না জানিয়েই তাঁর নাচের দৃশ্য ধারণ করা হয়েছিল। এমনকি ‘আশা’ ছবির ক্রেডিট লাইনে হৃতিকের নাম পর্যন্ত যায়নি। পরবর্তী সময়ে ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘ভগবান দাদা’ ছবিতে রজনীকান্তের পালক ছেলে গোবিন্দ চরিত্রে অভিনয় করেন ১২ বছর বয়সী হৃতিক।

তোতলা হৃতিক

শৈশবে তোতলামির সমস্যা ছিল হৃতিক রোশনের। এ সমস্যা থেকে মুক্তি পেতে স্পিচ থেরাপিও নিতে হয়েছিল তাঁকে।

একই বছরে বলিউডে পরিচিতি পান অভিষেক, কারিনা ও হৃতিক

বাবা রাকেশ রোশনের পরিচালনায় ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে ২০০০ সালে বলিউডের তুমুল জনপ্রিয় তারকা হিসেবে আত্মপ্রকাশ করেন হৃতিক। একই বছর ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন ও রণধীর কাপুরের মেয়ে কারিনা কাপুর খান।

হৃতিক রোশন
হৃতিক রোশন

লিমকা বুক অব রেকর্ডসে হৃতিকের ‘কহোনা পেয়ার হ্যায়’ 
‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে অনবদ্য অভিনয় উপহার দিয়ে সেরা অভিনেতা এবং সেরা নবাগত অভিনেতা হিসেবে পুরস্কার পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন হৃতিক। এ ছাড়া ২০০৩ সালে লিমকা বুক অব রেকর্ডসে ঠাঁই পায় ‘কহোনা পেয়ার হ্যায়’ ছবির নাম। সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার ঝুলিতে ভরে রেকর্ড গড়েছিল হৃতিক অভিনীত ছবিটি। বিভিন্ন পুরস্কার প্রদান আসর থেকে সব মিলিয়ে ১০২টি পুরস্কার পেয়েছিল ‘কহোনা পেয়ার হ্যায়’। 

প্লেব্যাক গায়ক হৃতিক
অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন হৃতিক। ‘কাইটস’ এবং ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

পরোপকারী হৃতিক

সক্রিয়ভাবে বিভিন্ন দাতব্য কাজের সঙ্গে জড়িত আছেন হৃতিক। ঢাকঢোল না পিটিয়ে অনেকটা অজ্ঞাতসারেই এসব দাতব্য কাজ করেন তিনি। অতীতে স্কুল বাস কেনার জন্য বিপুল অঙ্কের অর্থ দানের পাশাপাশি হৃদরোগে আক্রান্তদের কল্যাণেও কাজ করেছেন তিনি।

চলচ্চিত্রের জন্য শিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছিলেন হৃতিক

শৈশবে বোম্বে স্কটিশ স্কুলে পড়ালেখা করেছেন হৃতিক। পরবর্তী সময়ে সিডেনহাম কলেজে বিকমে ভর্তি হন তিনি। যুক্তরাষ্ট্রে গিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ এসেছিল হৃতিকের জীবনে। এমনকি যুক্তরাষ্ট্রের শিক্ষাবৃত্তিও পেয়েছিলেন তিনি। কিন্তু চলচ্চিত্র জগতে মনোযোগী হবেন বলে সেই সুযোগ হাতছাড়া করেন হৃতিক।

ঝাড়ুদার হৃতিক

নিয়মিত অভিনয়ের আগে চলচ্চিত্র জগতের খুঁটিনাটি অনেক কাজই শিখেছেন হৃতিক। ছবির সেট ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ক্যামেরা চালানো, ছবির কাহিনি সাজানো, সম্পাদনা এবং নির্দেশনার কাজও শিখেছেন তিনি।

সহকারী পরিচালক হৃতিক

১৯৯২ সাল থেকে টানা ছয় বছর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন হৃতিক। ‘খেল’, ‘কয়লা’সহ একাধিক ছবিতে বাবা রাকেশ রোশনের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।

একাধিক ফ্লপ ছবিতে অভিনয়ের পরও প্রশংসিত হৃতিক

‘কহোনা পেয়ার হ্যায়’ ছবিটি হইচই ফেলে দিলেও হৃতিক অভিনীত পরবর্তী কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ব্যবসাসফল না হলেও ছবিগুলোতে হৃতিকের সাবলীল অভিনয় প্রশংসিত হয় বিভিন্ন মহলে।