হৃতিকের পেশাদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা হৃতিক রোশনের পেশাদারির কাছে হার মানল তাঁর শারীরিক অসুস্থতা। হাঁটুর তীব্র ব্যথা সত্ত্বেও একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন এই ‘কৃশ’ তারকা। এ জন্য স্কাই ডাইভিংয়ের মতো দুঃসাহসিক স্টান্টও করতে হয়েছে তাঁকে। হৃতিক কিছুদিন আগে সালমান খানের পরিবর্তে নতুন দূত নিযুক্ত হয়েছেন কোমল পানীয় মাউনটেন ডিউর। সম্প্রতি এই পণ্যের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের জন্য ইন্দোনেশিয়ার বালিতে যান হৃতিক। শুটিং শুরুর আগমুহূর্তে হঠাৎ করেই হাঁটুতে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু হাতে সময় খুব কম বলে ব্যথানাশক সেবন করে ঠিকই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান পেশাদার এ অভিনেতা। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, ওই বিজ্ঞাপনচিত্রের একটি দৃশ্যে হেলিকপ্টার থেকে ঝাঁপিয়ে পড়তে দেখা যাবে হূতিককে। দৃশ্যটির শুটিংয়ের সময় হাঁটু ভাঁজ করতে গিয়ে তিনি ব্যথায় কাতরাতে থাকেন। এমন অবস্থায় শুটিংয়ে বিরতি টানার ঘোষণা দেন নির্মাতারা। সূত্রটি আরও জানায়, তিন ঘণ্টা বিরতির পর হূতিক আবার ক্যামেরার সামনে দাঁড়ান। কষ্ট হলেও তিনি শুটিং শেষ করেন। কোনো অবস্থাতেই বিজ্ঞাপনচিত্রটির কাজ পিছিয়ে যাক, তা চাননি বলেই তিনি এমনটা করেছেন। এ ছাড়া, ইন্দোনেশিয়ায় শুটিং শেষ করে মুক্তিপ্রতীক্ষিত ‘কৃশ ৩’ ছবির সম্পাদনার টেবিলে বসার জন্য মুম্বাই ফিরে যাওয়ার তাড়া ছিল তাঁর। রাকেশ রোশন পরিচালিত ‘কৃশ ৩’ ছবির জন্য সম্পাদনার কাজ রপ্ত করেছেন হূতিক। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১ নভেম্বর। এ বিষয়ে হৃতিকের কাছে জানতে চাইলে তিনি বিনয় প্রকাশ করে বলেন, ‘ঘটনা এতটা গুরুতর নয়। শুটিং করতে গিয়ে আমাকে যথেষ্ট বেগ পোহাতে হলেও খুব বেশি সমস্যা হয়নি। আমি ঠিকই ছিলাম।’