
‘লাইফ বিগিনস অ্যাট ফরটি’—সত্যিই তাই! বলিউড নায়কদের দিকে তাকালে এই প্রবাদটা চোখ বন্ধ করেই বিশ্বাস করতে পারেন। কারণ, চল্লিশ পেরোলেও এঁদের বয়সের ছাপ তেমন চোখে পড়ে না, বরং মনে হয় তাঁরা আরও পরিণত হয়েছেন।
শাহরুখ খান, আমির খান, সালমান খান, অক্ষয় কুমার কিংবা অজয় দেবগনকে দেখুন। এই তারকারা নিজেদের চলচ্চিত্রজীবনের সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন চল্লিশ পেরিয়েই। এ বছর চল্লিশে পা দিয়েছেন হৃতিক রোশন। তিনিও নতুন ছবি ব্যাং ব্যাং-এর হাত ধরে এখন সেই পথেই হাঁটছেন।
গত বছরের ঘটনা। ব্যাং ব্যাং ছবির শুটিং করতে গিয়ে মাথায় আঘাত পান হৃতিক। মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও সেযাত্রায় বড় কিছু ঘটেনি। কিন্তু তার মাস কয়েক পরই আবারও আঘাত।
হ্যাঁ, এই ছবিতে কাজ করার সময় ক্যাটরিনা কাইফের সঙ্গে হৃতিকের ঘনিষ্ঠতার আভাস পান তাঁর স্ত্রী সুজানে। এরপর তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ফল—হৃতিক-সুজানের বিবাহবিচ্ছেদ। যে ব্যাং ব্যং করতে গিয়ে এত কিছু, সেই ছবি হৃতিকের একলা জীবনে আনন্দ নিয়ে এসেছে। শুধু আনন্দ নয়, সঙ্গে রেকর্ড আর ক্যারিয়ারের সেরা সাফল্যও।
মাস দুয়েক আগে টিজার দিয়েই রেকর্ড গড়েছিল হৃতিক ও ক্যাটরিনা অভিনীত ছবি ব্যাং ব্যাং। মাত্র ১৩ ঘণ্টায় ইউটিউবে তা দেখেছেন ১০ লাখ মানুষ। বলিউডে তা এক নতুন রেকর্ড। এরপর শুরু হয় হৃতিক রোশনের ‘ব্যাং ব্যাং ডেয়ার চ্যালেঞ্জ’। ব্যাং ব্যাং ছবির প্রচারণার জন্য তিনি নানান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বলিউড তারকাদের কাছে। হৃতিকের সেই চ্যালেঞ্জে সাড়া দিয়েছিলেন শাহরুখ খান, আমির খান, রণবীর সিং, নার্গিস ফাখরি, ফারহান আখতার। ছবির প্রচারণার এই অভিনব কায়দা ঝড় তোলে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।
বিশ্বব্যাপী পাঁচ হাজার এক শ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ব্যাং ব্যাং। পরিবেশকদের মতে, এমনটি বলিউডে আগে নাকি কখনো ঘটেনি। শুধু কি তাই, এবারই প্রথম ভারতের কোনো ছবিতে নায়ক নিজেই ফ্লাইবোর্ড স্টান্ট দিয়েছেন। বলিউড ছবিতে ফমুর্লা ওয়ান কারের ব্যবহার, সেটাও প্রথম।
মুক্তির আট দিনের মধ্যেই ব্যাং ব্যাং ছবিটি ভারত এবং ভারতের বাইরে আয় করেছে ২৫০ কোটি রুপির বেশি। মুক্তির প্রথম দিনে এ বছরের সবচেয়ে বেশি আয় করা ছবি সিংহাম রিটার্নস। আর দ্বিতীয় স্থান এখন ব্যাং ব্যাং ছবির ঝুলিতে। প্রথম দিনে শুধু ভারতে এই ছবিটি আয় করেছে ২৭ কোটি ৫৪ লাখ রুপি। আর তা ছাড়িয়ে গেছে কৃষ থ্রি ছবিকে।
টম ক্রুজ ও ক্যামেরন ডায়েজ অভিনীত হলিউডের ছবি নাইট অ্যান্ড ডে থেকে ব্যাং ব্যাং ছবিটি রিমেক করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। নড়বড়ে কাহিনির জন্য সমালোচকদের কাছ থেকে কোনো ভালো প্রতিক্রিয়া পায়নি ছবিটি। এর পরও বক্স অফিস ঠিকই বাজিমাত করেছে ব্যাং ব্যাং। তবে বক্স অফিস সাফল্যের পাশাপাশি ব্যাং ব্যাং নাকি হৃতিককে অন্য একটি কারণে খুব আনন্দ দিয়েছে। আর তা হলো, হৃতিকের দুই ছেলেই ছবিটি দেখে খুব খুশি হয়েছে। আট বছরের হৃহান আর ছয় বছরের হৃধান বলেছে, ব্যাং ব্যাং ওদের দেখা সেরা ছবি!
সাজিদুল হক
ইন্ডিয়া টাইমস, জি নিউজ, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে