হৃদি হকের মঞ্চজাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গহর বাদশা ও বানেসা পরি নাটকের দৃশ্য
গহর বাদশা ও বানেসা পরি নাটকের দৃশ্য

বাংলা নাটকে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে অনেক আগেই। ইতিহাসের দৈন্য কাটিয়ে বাংলা নাটক যখন ইংরেজের ক্লাব অথবা জমিদারদের শখের নাট্যশালার ইতিহাস পার করে হাজার বছরের শিকড়ের সন্ধান পেল, তখন কে আর পারে তাকে রুখতে? দাসত্বের শিকল পরাতে?
আজ জাতি যখন ঐতিহাসিক কলঙ্ক মোচনের জন্য সব ঝুঁকি ও চাপ মোকাবিলা করে রাজনৈতিক শুদ্ধীকরণে ব্যস্ত, ঠিক তখনই যেন হৃদি হকদের মতো তরুণ নাট্য নির্দেশকেরা বাংলা নাটকের উৎকর্ষ বাড়িয়ে জাতিকে চমকে দিতে যেন আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ। তরুণ প্রজন্মের মধ্যে শুভাশিস সিনহা, আলী হায়দার, বাকার বকুল প্রমুখ যখন ঢাকার মঞ্চে নির্দেশনায় নতুন মাত্রা যোগ করেন, ঠিক তখনই হৃদি হক ‘এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে’র মতো ঘটনা ঘটালেন ১৭ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার হলভর্তি দর্শকদের মুহুর্মুহু করতালি কুড়িয়ে। কিসসা বা লোককাহিনি গহর বাদশা ও বানেসা পরি নাট্যের কাহিনি পাঠককে বলতে চাই না। তাতে তাঁদের নাটকটি দেখে কাহিনি বোঝার আনন্দ আরও বাড়বে বৈকি! এই দিন হলভর্তি দর্শক হৃদি হকের নাট্য জাদুতে ছিলেন আকণ্ঠ নিমজ্জিত।
তরুণ নির্দেশক হৃদি হক দর্শকদের মায়ার জগতে ঘুরিয়েছেন—হাসিতে, আনন্দে, নানা রসে, ভাবে ও আবেগে। কাহিনি বিন্যাসে পুনরায় ঢেলে সাজানোর সাহসী প্রয়াস শিল্প সার্থকতায় এগিয়েছে মূলত হৃদি হক আর তাঁর বিশাল মঞ্চ বাহিনীর কয়েকটি বিশেষত্বে। যেমন
১. ঢাকার মঞ্চে একসঙ্গে তিন কুড়ি সংখ্যক তরুণ-তরুণীর টিমওয়ার্ক! বলতেই হবে, ওয়াও!
২. নির্দেশনা ও গল্প কথনে স্বকীয়তা ও নিরীক্ষা পিপাসা যেন এই নির্দেশকের কাছে এক অ্যাডভেঞ্চারস শিল্প তীর্থ গমন।
৩. লোককাহিনির সরলতাকে একটুও জটিল করেনি সাজু খাদেমের সাবলীল মঞ্চ-ভাবনা।
৪. সংগীত আর আবহ সংগীতে কামরুজ্জামান রনি হৃদি হকের নির্দেশনা সুরকে বেসুরো তো করেনইনি, বরং নতুন মাত্রা যোগ করেছেন।
৫. পুরো নাটকের নির্দেশনাকে, অভিনয় ও গল্পকথনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে ঠান্ডু রায়হানের কল্পজগতের রং-সাগর। আহা! যুবক গহর বাদশা আর সুন্দরী বানেসা পরির রোমান্টিকতা আলোকেই যেন অবিনশ্বর। আবার দানবের ভয়াল মুখ যেন রক্তিম আলোয় আরও রক্ত পিপাসু। কী ভয়ানক! সর্বোপরি, আমি ভেবেই পাই না সারা নাটকের শরীরজুড়ে এমন যৌবনবতী আলোর ঝুমুর নৃত্য তিনি কেমন করে দেখালেন!
৬. মুখোশ, তির-ধনুক, ঘোড়া, পরির পাখা ইত্যাদি প্রপসের ব্যবহার বাড়াবাড়ি রকমের ভালো হয়েছে। প্রতিটি পোশাকই চরিত্র ও কাহিনির সঙ্গে দারুণ মানানসই।
এবার অভিনয় প্রসঙ্গ! সংক্ষেপে বললে, বানেসা পরি, গহর বাদশা, তাঁর পিতা বিশ্বিং বাদশা, দানব আর পরিস্থান-এর খালা চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের চরিত্রায়ণ পদ্ধতিতে হুমায়ুন ফরিদীয় মুনশিয়ানা না থাকলেও একটি সুস্পষ্ট যত্নের ছাপ ছিল। উজিরের অভিনয় কম কিসে? কিন্তু প্রধান দানবের উল্লম্ফন পুরো নাটকের শারীরিক অভিনয়ে জৈব যান্ত্রিক পদ্ধতির কথা মনে করিয়ে দেয়। শাবাশ! দারুণ হয়েছে! নাট্য সমালোচনা করতে গিয়ে সবই প্রশংসা করায় নিন্দা পিপাসুদের জন্য বলতে পারি, আরও ভালো হলে আরও ভালো হতো!
হৃদি হক ঢাকার মঞ্চে এ নাট্যের নির্দেশনার ভেতর দিয়ে এক নতুন মাত্রা যোগ করলেন। কীভাবে? অভিনবত্বে! আবার প্রমাণ হলো, তিনি শিল্পীর ঘরে জন্ম নিয়ে শিল্পী হয়েছেন। ঢাকার মঞ্চে নারী নির্দেশকের সংকট বুঝি কমবে এবার। নাট্যমঞ্চের অপরাজিতা হৃদি হক, তুমি সাহসিকা, তোমাদের শিল্প তীর্থযাত্রার অক্ষয় হোক!

লেখক: নাট্য গবেষক; শিক্ষক, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়।
ই-মেইল: [email protected]