হৃদয় খানের অ্যালবাম ভালোবাসা দিবসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউজিক ভিডিওর দৃশ্যে হূদয় খান ও সুজানা
মিউজিক ভিডিওর দৃশ্যে হূদয় খান ও সুজানা

হৃদয় খানের তিন নম্বর অ্যালবামের কাজ একেবারেই শেষ। গত ডিসেম্বর মাসেই অ্যালবামটি বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। এবার তিনি অ্যালবামটি ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসের আগেই বাজারে ছাড়তে চান। তবে এবারও বাধা হয়ে দাঁড়াতে পারে দেশের রাজনৈতিক পরিস্থিতি। হৃদয় খান বললেন, মানুষের মনে যদি শান্তি না থাকে, তাহলে গান শুনবে কীভাবে? তার পরও আশা আছে।
হৃদয় খান জানান, অ্যালবামটির নাম এখনো তিনি চূড়ান্ত করেননি। এতে গান থাকছে নয়টি। লিখেছেন গুঞ্জন রহমান, রবিউল ইসলাম ও এস এ হক অলীক। গানগুলোতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান।
অ্যালবামের ‘ভালো লাগে না’ গানটির মিউজিক ভিডিও এরই মধ্যে ফেসবুক ও ইউটিউবে শোনা যাচ্ছে। মিউজিক ভিডিওটিতে হৃদয়ের সঙ্গে মডেল হয়েছেন সুজানা। হৃদয় বলেন, ‘এরই মধ্যে গানটির ব্যাপারে অনেক ভালো সাড়া পেয়েছি।’
হৃদয় খানের অন্য দুটি অ্যালবাম হলো বল না (২০০৯) ও ছোঁয়া (২০১১)।