হৃদয় খানের প্রথম প্রেম 'পিয়ানো'

বর্তমান প্রজন্মের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান। আগামীকাল ১৩ মার্চ রাতে এক মাসের জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তরুণ এ সংগীতশিল্পী। সেখানে একাধিক কনসার্টে গান গাইবেন। এবারের পহেলা বৈশাখ যুক্তরাষ্ট্রেই কাটবে তাঁর। যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনাসহ আরও নানা বিষয় নিয়ে কথা বলেছেন হৃদয় খান।
এবারের পহেলা বৈশাখে আপনার পরিকল্পনা কী?
কনসার্ট ট্যুরের জন্য আগামীকাল রাতে আমেরিকা যাচ্ছি। এক মাসজুড়ে আমেরিকার ফ্লোরিডা, নিউইয়র্কসহ আরও কয়েক জায়গায় একক শো করব। কনসার্টে আমার অ্যালবামের জনপ্রিয় গানগুলোই পরিবেশন করব। তাই এবার পহেলা বৈশাখ প্রবাসীদের সঙ্গে কাটবে আমার।
আপনার প্রথম প্রেম...
আমার প্রথম প্রেম পিয়ানো। ছোটবেলায় পিয়ানোর সঙ্গে কেটেছে আমার পুরোটা সময়।
সংগীতের প্রতি সখ্য গড়ে উঠেছে কীভাবে?
খুব ছোটবেলা থেকেই নানা ধরনের বাদ্যযন্ত্রের সঙ্গে আমার সময় কাটত। অনেকেই ভাবে, আমি সংগীত অনুরাগী পরিবারের ছেলে, তাই হয়তো নিজেকে গানের সঙ্গে জড়িয়েছি। কিন্তু বিষয়টা ভুল। সত্যি বলতে কী, সংগীতের প্রতি আমার নিজের অনেক বেশি আগ্রহ ছিল। পরিবারের চাওয়াটা ছিল ভিন্ন।
আপনি কখন মূলত সুর করেন?
আমি আসলে খুব একটা রাত জাগি না। খুব দ্রুত ঘুমাই আবার খুব সকালেই জেগে উঠি। তাই সকালে বেশি সুর করা হয়। তবে অনেক সময় ভালো কোনো গানের সুর করতে গেলে রাত পেরিয়ে কখন সকাল হয়ে যায়, সেটা বুঝতেই পারি না।
সংগীতশিল্পী না কি পরিচালক, আপনার কাছে কোনটার গুরুত্ব বেশি?
আমি শুধু সংগীত পরিচালকই হতে চেয়েছিলাম। প্রথম অ্যালবামে আমার গান শোনার পর শ্রোতারা ভালোভাবে গ্রহণ করলে পরে সিদ্ধান্ত নিই সংগীত পরিচালনার পাশাপাশি গান করার।