হৃদয় খানের 'হৃদয়ের কথা'

উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করলেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। এবারের ঈদে মাছরাঙা টেলিভিশনে ‘হৃদয়ের কথা’ অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন হৃদয়ের প্রেমিকা মডেল সুজানা। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সংগীতশিল্পী বালাম এবং কনা।
‘হৃদয়ের কথা’ অনুষ্ঠানে আড্ডার পাশাপাশি গান পরিবেশন করবেন হূদয়, বালাম ও কনা। এ ছাড়া দেখানো হবে তাঁদের বিভিন্ন গানের মিউজিক ভিডিও। ২০ জুলাই মাছরাঙা টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটির ধারণ কাজ সম্পন্ন হয়েছে।
প্রথমবারের মতো উপস্থাপনা প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘একেবারেই নতুন একটি অভিজ্ঞতা আমার জন্য। অনুষ্ঠানটির ভাবনা ভালো লেগেছে। তাই কাজটি করতে রাজি হয়েছি। আশা করছি, অনুষ্ঠানটি দর্শকেরা উপভোগ করবেন।’
কবির বকুলের পরিকল্পনায় ‘হৃদয়ের কথা’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে প্রচারিত হবে এ অনুষ্ঠান।