হৃদয়ের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয় খান
হৃদয় খান

কলকাতায় নেমেই দেখি বড় বড় পোস্টার। আমি শুধু চেয়েছি তোমায় ছবিটির বিজ্ঞাপন তো ঢাকায়ও দেখেছি। এবার এ ছবির পোস্টারটা খঁুটিয়ে দেখলাম। পরিচালক অশোক পতির নামের নিচে দেখি হৃদয় খানের নাম। মনে পড়ল, ইউটিউবে আমি শুধু চেয়েছি তোমায় ছবিতে হৃদয় খানের কণ্ঠে গাওয়া গানটির ভিডিওটি দেখেছিলাম। কলকাতার এই সময়ের আলোচিত অভিনয়শিল্পী শুভশ্রী ও অঙ্কুশ গানটির চিত্রায়নে অংশ নেন। নজরকাড়া দৃশ্যায়নের পাশাপাশি অনেক বেশি প্রচারের কারণে কলকাতায় এখন দারুণ আলোচিত বাংলাদেশের হৃদয় খান। কলকাতায় টিভি চ্যানেল ও রেডিওতে এখন হরহামেশাই বাজছে হৃদয়ের গানটি। প্রচারণার অংশ হিসেবে হৃদয়ও বাংলাদেশ থেকে গিয়ে কলকাতার টিভি চ্যানেল ও রেডিওতে সাক্ষাৎকার দিয়েছেন। অনেকেই বলছেন, কলকাতার ছবিতে বাজিমাত করতে যাচ্ছেন বাংলাদেশের হৃদয় খান।
মারকুইজ স্ট্রিটে কথা হলো সোহান নামের এক বাংলাদেশি যুবকের সঙ্গে। তিনি বললেন, টিভি খুললেই এখন শুধু হৃদয় খানের গান শোনা যাচ্ছে। এটা আমাদের সংগীতাঙ্গনের জন্য খুব ইতিবাচক একটা দিক।
দেশে ফিরে হৃদয় খানের সঙ্গে। ফোনে কথা হচ্ছিল। তখন তিনি পারিবারিক ভ্রমণে কক্সবাজারে। জানালেন, ২০০৮ সালে বাংলাদেশের ‘অবুঝ ভালোবাসা’ নামে গানটি মুক্তি পেয়েছিল। সেটাই এখন ছবিটিতে ‘তুমি যদি’ শিরোনামে ব্যবহৃত হচ্ছে। ‘তখনো কিন্তু গানটি শ্রোতারা দারুণ পছন্দ করেছিল। পাঁচ বছর পরও যখন কলকাতার ছবিতে ব্যবহার করা হয়েছে, সেখানেও গানটি দারুণভাবে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। বিষয়টি আমার জন্য অনেক বেশি আনন্দের।’ বললেন হৃদয়।
ছবিটিতে দুটি গান গেয়েছেন হৃদয়। গান নিয়ে বললেন, ‘ফিল্মের গানে ভিজ্যুয়াল অনেক বড় ব্যাপার। আমি শুধু চেয়েছি তোমায় চলচ্চিত্রে আমার যে দুটি গান ব্যবহার করা হয়েছে, সে দুটিতে যে ধরনের ভিজ্যুয়াল দরকার তার যথার্থ প্রতিফলন ঘটেছে বলে আমার বিশ্বাস। আমার চিন্তার সঙ্গে পুরোপুরি মিলে গেছে তা। ছবিটি নিয়ে সেখানকার প্রযোজক ও পরিচালকদের যে ধরনের প্রচারণা, তাতে আমি মুগ্ধ।’
‘এর আগে তো গানের কাজ করতে গিয়েছিলাম। এবার গেছি প্রচারণায় অংশ নিতে। কলকাতার রাস্তায় হাঁটছি, পোস্টারে নিজের নাম দেখছি, কী যে ভালো লেগেছে তা বলে বোঝাতে পারব না। কলকাতার ছবিতে আমার অন্তর্ভুক্তির জন্য অনন্য মামুন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজকে আমার নাম প্রস্তাব করে। তারপর এই প্রযোজনা প্রতিষ্ঠানের হিমাংশু ধানুকার সঙ্গে আমার দেখা হয়। তিনি আমার গান শুনে বলেন, “তোমার কণ্ঠটা কলকাতার ছবির গানে নতুন একটা ধারা তৈরি করবে।

হৃদয় খান
হৃদয় খান

আমরা চাই তোমার কণ্ঠের সঙ্গে কলকাতার ছবিপ্রেমীরা পরিচিত হয়ে উঠুক। এটা আমাদের জন্য একরকম চ্যালেঞ্জ।” কথাটা শোনার পর আমিও চ্যালেঞ্জ হিসেবে নিই। তবে তাড়াহুড়োর কারণে নতুন কোনো গান নয়, তাঁরা আমার ‘অবুঝ ভালোবাসা’ ও শেষ অ্যালবামের ‘ভালো লাগে না’ গান দুটি ছবিতে ব্যবহারের সিদ্ধান্ত নেন। মুম্বাইতে ‘অবুঝ ভালোবাসা’ গানটির স্যাড ভার্সনে কণ্ঠ দেন আশিকী টু ছবির আলোচিত গায়িকা পলক মুছাল। এরপর আমি যুক্তরাষ্ট্রে শো করতে চলে যাই। মাস তিনেকের মতো সেখানে থাকি। আসার পর বিভিন্ন মাধ্যমে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির গানগুলোর সবাই প্রশংসা করছে। এরপর কলকাতা থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে যাওয়ার পর দেখি অন্য রকম অবস্থা। রাস্তাঘাটে ছবির পোস্টারে গুরুত্বসহকারে আমার নাম ছাপা হয়েছে। রেডিও এবং টেলিভিশনে বাজছে আমার গানগুলো। বাইরের দেশে নিজের গান এভাবে বাজতে দেখে অন্য রকম অনুভূতি কাজ করেছে।’
কলকাতার নতুন কোনো ছবিতে কাজ করার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে হৃদয় বলেন, আমাকে এরই মধ্যে এস কে মুভিজের পরবর্তী ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমি শুধু চেয়েছি তোমায় মুক্তির পরই নতুন ছবি নিয়ে কাজ শুরু হবে।
বাংলাদেশের সিনেমার কাজের খবর কী, জানতে চাইলে হৃদয় বলেন, আমি এরই মধ্যে পিঁপড়াবিদ্যা ছবির থিম মিউজিক করেছি। পাশাপাশি ছবিটির আবহ সংগীতের কাজটি করেছি।’