হৃদয়ের জেগে ওঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমদাদুল হক
এমদাদুল হক

‘মীরাক্কেলে না গেলে একটা ব্যাপার আমি কখনোই জানতাম না।’ কথার শুরুতে বললেন এমদাদুল হক। কী সেটা জানতেই নড়ে চড়ে বসি। সামনে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এর এক প্রতিযোগী। যাঁর ডাকনাম হৃদয়। অবশ্য কথার ফাঁকে হৃদয় জানিয়ে রাখলেন, প্রায় সাত মাসের একটা দীর্ঘ ‘জার্নি’ হয়েছে মীরাক্কেলে অংশ নিয়ে। এই সময়ে অনেক কিছুই শিখেছেন, জেনেছেন। যেটা পুরো জীবন চালাতে কাজে লাগবে। তবে একটা প্রতিযোগিতা যে রীতিমতো তারকা বানিয়ে দেবে, এটা ভাবনাতেও ছিল না হৃদয়সহ অনেকেরই। 

এমদাদুল হক
এমদাদুল হক

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার কমেডিবিষয়ক রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’–তে বাংলাদেশ থেকে নয়জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তার মধ্যে গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত টিকে ছিলেন তিনজন। এরই মধ্যে ফাইনালের শুটিং শেষ করে দেশে ফিরেছেন তাঁরা।
দেশে এসেই ঢাকার ছেলে হৃদয় মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর। অনেক কথার ফাঁকে মজা করতেও ছাড়লেন না তিনি। প্রশ্ন ছিল, মীরাক্কেলে অংশ নিয়ে নতুন করে কী পেলেন?
উত্তরটা দিলেন হাসতে হাসতেই, ‘আমি যে এত স্মার্ট, কিউট ও হ্যান্ডসাম, এটা আগে জানতাম না। মীরাক্কেলে অংশ নেওয়ার পর থেকে অসংখ্য মেয়েভক্ত আমাকে ফেসবুকে সবই বলছেন। এই সাত মাসে আমার কী এমন হলো যে আমি হুট করে এত স্মার্ট, কিউট ও হ্যান্ডসাম হয়ে গেলাম। আগে কিন্তু কেউ এভাবে বলেনি।’ জানালেন, প্রতিযোগিতা চলাকালে ফেসবুকে অনেক মেসেজ এসেছে। সেসবের উত্তর দেওয়া হয়নি। কারণ, সেই মেসেজ নিয়ে মাথা ঘামালে প্রতিযোগিতায় সেই ছাপ পড়ত। এ কারণে ওসব থেকে দূরে ছিলেন এত দিন। এখন ভেবে –চিন্তে উত্তর দিচ্ছেন। ভক্ত থাকবে, তাদের ভালোবাসায় বেঁচে থাকবে তারকারা, এমনটাই মনে করেন এমদাদুল।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে হৃদয় বললেন, ‘মীরাক্কেল একটা প্লাটফরম। সেখানে শেষ পর্যন্ত টিকে থাকাও একটা বড় অর্জন। শেষ পর্যন্ত কী হলো সেটার জন্য ১২ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো, পড়াশোনা শেষ করে কমেডি নিয়ে থাকতে চাই। নতুন কিছু করতে চাই। এ ছাড়া নিয়মিত উপস্থাপনা করারও ইচ্ছে আছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর ভক্তরাও নিশ্চয় চাইবেন হৃদয় সেরা কিছু উপহার দিক দেশকে।