হৃদয়ের তিন নম্বর অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমটি বলনা (২০০৯) এবং দ্বিতীয়টি ছোঁয়া (২০১১)। এবার হৃদয় খান তাঁর তৃতীয় একক অ্যালবামের কাজ শুরু করেছেন। তিনি জানালেন, সপ্তাহ দুয়েক হলো রাজধানীর মিরপুরের রূপনগরে নিজের নতুন স্টুডিওতে অ্যালবামের দুটি গানের কাজ করেছেন। হৃদয় বলেন, ‘আমি যে ধরনের গান করি, নতুন অ্যালবামে তা তো থাকবেই; পাশাপাশি পুরোনো দিনের পপ ঘরানার গান ও টেকনো মিউজিকের ওপর গুরুত্ব দিচ্ছি। নতুন এই অ্যালবামে নিজেকে নতুনভাবে উপস্থাপনের কথা ভাবছি।’হৃদয় আরও বলেন, ‘বরাবরের মতো আমার এবারের অ্যালবামেও গান লিখছেন গুঞ্জন রহমান। পাশাপাশি থাকবে কবির বকুলসহ এ সময়ের কয়েকজন গীতিকারের গান।’জানা গেছে, হৃদয় খানের নতুন অ্যালবামে গান থাকবে আটটি। দুটি গানের কাজ শেষ। বাকিগুলোর কাজ তাড়াহুড়ো না করে হৃদয় একটু সময় নিয়ে করছেন। নতুন অ্যালবামের কাজের পাশাপাশি হৃদয় চলচ্চিত্রের গানের সুর ও সংগীত পরিচালনার কাজ নিয়ে এখন বেশি ব্যস্ত। তার মধ্যে উল্লেখযোগ্য দুটি ছবি হলো—জাকির হোসেন রাজুর বেশি ভালোবাসা যায় না ও রয়েল-অনিকের গেইম।