হৃদয়ের হৃদয়ে সুজানা, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হূদয় খানের সঙ্গে মডেল-অভিনয়শিল্পী সুজানা
হূদয় খানের সঙ্গে মডেল-অভিনয়শিল্পী সুজানা

আলোচিত গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খানের সঙ্গে মডেল-অভিনয়শিল্পী সুজানার প্রেম নিয়ে অনেক দিন ধরেই জোর গুঞ্জন চলছে। বিষয়টি নিয়ে তাঁদের কেউই স্পষ্ট কিছুই বলেননি। তবে গতকাল শনিবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে সুজানা জানিয়েছেন, হূদয় তাঁকে অনেক ভালোবাসেন। তিনি সুজানার অনেক ভালো একজন বন্ধুও।

হৃদয় খান শুধু আপনাকে ভালোবাসেন নাকি আপনিও তাঁকে ভালোবাসেন, জানতে চাইলে সুজানা বলেন, ‘হৃদয়কে আমি পছন্দ করি। অনেক বেশি পছন্দ। কিন্তু ভালোবাসি না।’

না ভালোবাসার কারণ হিসেবে সুজানা বলেন, ‘আমার মতে, যাকে ভালোবাসব তাঁকেই বিয়ে করব। তাই এখনো পর্যন্ত যেহেতু সে রকম কোনো সম্ভাবনা নেই, সেহেতু তাঁকে ভালোবাসার প্রশ্নটাও আসছে না।’

হৃদয়ের সঙ্গে সুজানার বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে? ‘এটা আল্লাহ ভালো জানেন। ভবিষ্যতের কথা তিনিই ভালো বলতে পারেন। তা ছাড়া আমার বিয়ের সব দায়িত্ব আমার পরিবারের ওপরই ছেড়ে দিয়েছি। হৃদয়ের প্রতি পছন্দ যদি ভালোবাসায় রূপ নেয় তাহলে বিয়ে করতেও পারি।’ বললেন সুজানা।
কাজের প্রসঙ্গে জানতে চাইলে সুজানা বলেন, ‘আমি এখন নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং করছি। এটিতে আমার সহশিল্পী চঞ্চল চৌধুরী।’

নাটক ছাড়া এখন আর কী করছেন জানতে চাইলে সুজানা বলেন, ‘সামনে পরিবারের সবাই মিলে যুক্তরাষ্ট্রে ঘুরতে যাব। বেশ কিছুদিন থাকার পর ঢাকায় ফিরে নতুন কিছু কাজে হাত দেব।’