অনুষ্ঠানের মধ্যমণি সংগীতজ্ঞ ফিরোজা বেগম। তাঁর বক্তৃতা শোনার জন্যই অধীর অপেক্ষায় ছিলেন সবাই। ফিরোজা বেগম তাঁর দীর্ঘ জীবন ঘিরে গেয়েছেন নজরুলসংগীত। তাঁর কণ্ঠে এই গান জনপ্রিয় হয়েছে সারা উপমহাদেশে। বাংলা একাডেমী মিলনায়তনে গতকাল মঙ্গলবার তাঁর বক্তৃতা শুনতে যেমন সুধীজনেরা এসেছিলেন, তেমনি এসেছিলেন নজরুল-অনুরাগী ও নজরুলসংগীতের শিল্পীরাও। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমী।শিল্পী ফিরোজা বেগম বক্তৃতায় জীবনের পরতে পরতে নানা সংগ্রাম, তাঁর নজরুলসংগীত শেখা থেকে শুরু করে তা অন্তরে ধারণ করার নানা স্মৃতিচারণা করলেন। শিল্পী ফিরে গিয়েছিলেন নজরুল-গানের স্বর্ণযুগের সেই দিনগুলোতে। সংগীতজীবনে স্বামী কমল দাশগুপ্তের স্মৃতিচারণাও করলেন এই গুণী শিল্পী।ফিরোজা বেগম বললেন, নজরুলসংগীত এক দিনে জনপ্রিয়তা পায়নি। এর জন্য শিল্পীদের নজরুলের গান দরদ দিয়ে গেয়ে শ্রোতাদের মুগ্ধ করতে হয়েছে। এভাবে পশ্চিমবঙ্গ থেকে সারা বিশ্বের বিভিন্ন স্থানে এই গান শ্রোতাপ্রিয় হয়েছে। তিনি জানান, গত ৩০ বছরে বিভিন্ন সময় প্রায় সব অনুষ্ঠানে গিয়ে নজরুলসংগীত পরিবেশন করেছেন। আগে অনুষ্ঠানও ছিল কম। এখন অনেক অনুষ্ঠান হয়, কিন্তু আগের মতো নজরুলসংগীতের চর্চা দেখা যায় না। নজরুলসংগীত অনেকে ভুলে যেতে বসেছে। এই সংগীতের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান তিনি।অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বললেন, ‘এটা আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয় যে অনুষ্ঠানে ফিরোজা বেগমের মতো গুণী মানুষ বক্তা এবং সেই অনুষ্ঠানের সভাপতি আমি।’ তিনি জানান, বাংলা একাডেমী ফিরোজা বেগমের এই বক্তৃতা ধারণ করেছে এবং এটি লেখায় প্রকাশ করে সংরক্ষণ করা হবে।আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনা অনুষ্ঠানের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও শিল্পীরা গাইলেন নজরুলসংগীত।প্রথমেই ছিল আবৃত্তি। কবি কাজী নজরুল ইসলামের ‘দারিদ্র্য’ কবিতা আবৃত্তি করেন আশরাফুল আলম। এরপর একক গান। শুরুতেই শিল্পী নাশিদ কামাল গেয়ে শোনান, ‘দীপ নিভিয়াছে ঝড়ে’, ‘সখী, আমি-ই না হয় মান করেছিনু’। শিল্পী অতীশ রায় পরিবেশন করেন ‘সখী সাজায়ে রাখ গো পুষ্পবাসর’ ও ‘কালেমা শাহাদাৎ আছে খোদার’ এই দুটি গান। ‘তুমি বেণুকা বাজাও’, ‘গগনে কৃষ্ণ মেঘ’, ‘হে প্রিয় আমারে দিব না ভুলিতে’, ‘নাই বা পেলাম’ গানগুলো গেয়ে শোনান শিল্পী সুজিত মোস্তফা ও প্রিয়াঙ্কা গোপ।