হে সাহিত্য উৎসব কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হে সাহিত্য উৎসবের কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে (বাঁ থেকে) কাজী আনিস আহমেদ, সাদাফ সায সিদ্দিকি ও সালাউদ্দিন আহমেদ l প্রথম আলো
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হে সাহিত্য উৎসবের কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে (বাঁ থেকে) কাজী আনিস আহমেদ, সাদাফ সায সিদ্দিকি ও সালাউদ্দিন আহমেদ l প্রথম আলো

যুক্তরাজ্যের ওয়েলসের ওয়াই নদীর তীরের হে শহরে ২৭ বছর আগে ছোট্ট পরিসরে যে উৎসব শুরু হয়েছিল, আজ তা আন্তর্জাতিক ঘটনা হয়ে ছড়িয়ে পড়েছে পৃথিবীর চার মহাদেশে। বিগত তিন বছরের ধারাবাহিকতায় চতুর্থবারের মতো তা শুরু হচ্ছে ঢাকায়। বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামীকাল ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ‘হে ফেস্টিভ্যাল ঢাকা ২০১৪’ অনুষ্ঠিত হবে।
এবারের হে উৎসবের মূল থিম ‘মনের বাধাকে অতিক্রম করে ভিন্নভাবে গল্প বল’। দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা লেখক, শিল্পী, দার্শনিক, বিজ্ঞানী এই অনুষ্ঠানের মূল আলোচক এবং প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। এঁদের মধ্যে শশী থারুর, সৈয়দ শামসুল হক, জং চ্যাঙ, জয় গোস্বামী, উইলিয়াম ডালরিম্পেল, জন রেলস্টোন সোল, জাভেদ জাহাঙ্গীর, মার্কাস ডু সৌত, জিয়া হায়দার রহমান, রানা দাস গুপ্ত, মির্জা ওয়াহিদ, শাহিন আক্তার, মিমি কালভাথি, প্যাট্রিক ফ্রেঞ্চ এবং গিডিয়ান হেই অন্যতম। দেশের খ্যাতনামা লেখক ও কবিদের মধ্যে সেলিনা হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম, আসাদ চৌধুরীসহ অনেকেই আলোচনায় যোগ দেবেন।
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উৎসবের পরিচালক সাদাফ সায সিদ্দিকি, উপদেষ্টা কাজী আনিস আহমেদ, ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালাউদ্দিন আহমেদ। জানানো হয়, কোনো নিবন্ধন ছাড়াই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান। ২২ নভেম্বর শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসব শেষ হবে। প্রথম দিন ছাড়া অন্য দুই দিন সকাল সাড়ে আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে উৎসব। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এ উৎসবের আয়োজন করা হয়েছে বাংলা সাহিত্য ও বাংলা ভাষার লেখকদের বৈশ্বিক পরিমণ্ডলে উপস্থাপনের উদ্দেশ্যে।
বিভিন্ন পর্বে ইংরেজি ও বাংলা লেখা পাঠের পাশাপাশি সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠান চলবে। উৎসবে থাকবে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত লেখক ও বুদ্ধিজীবীদের সঙ্গে স্থানীয় লেখক ও সাহিত্যিকদের আলোচনা, সমকালীন চিন্তা নিয়ে পর্যালোচনা, কবিতা পাঠ এবং সংগীত পরিবেশনা। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে কবিতা পাঠ, কবি লড়াই, পালাগান, ছড়ার মাধ্যমে। থাকবে ইংরেজি, বাংলা এবং আঞ্চলিক ভাষায় নিবন্ধ পাঠ, বাংলাদেশের আঞ্চলিক ও উপভাষার উপস্থাপন। এ আয়োজনের পরিচালক সাদাফ সাজ সিদ্দিকি ও তাহমিমা আনাম। প্রযোজক পিটার ফ্রান্স, লিনডিকুক। টাইটেল স্পনসর ডেইলি স্টার। ইভেন্ট পার্টনার যাত্রিক। প্লাটিনাম স্পনসর কে কে টি, গোল্ড স্পনসর সামিট গ্রুপ, সায়েন্স এডুকেশন পার্টনার স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক লিমিটেড। ব্রিটিশ কাউন্সিল এর বৈশ্বিক অংশীদার।