হে সাহিত্য উৎসব হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমীতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘হে ফেস্টিভ্যাল’। আন্তর্জাতিক এ সাহিত্য উৎসব এ নিয়ে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়।ব্রিটিশ কাউন্সিল, বাংলা একাডেমী, দ্য ডেইলি স্টার, প্রথম আলো, যাত্রী ও জেমকন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। আজ সন্ধ্যা ছয়টায় একাডেমীর নতুন ভবনের মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান। পরের দুই দিন চলবে দিনব্যাপী অধিবেশন। অধিবেশন শুরু হবে সকাল ১০টা থেকে, চলবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।হে আন্তর্জাতিক সাহিত্য উৎসব শুরু হয়েছিল যুক্তরাজ্যের হে শহরে। এবার উৎসবের ২৫ বছর পূর্ণ হচ্ছে। এখন এই উৎসব বিশ্বের পাঁচটি মহাদেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় গত বছর এক দিনের হে উৎসব হয়েছিল ব্রিটিশ কাউন্সিলে। লেখক ও পাঠকদের মধ্যে যে ব্যাপক সাড়া জেগে ছিল, তার ফলেই এবার তিন দিন ধরে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের উৎসবে বাংলাদেশের ৪০ জন লেখকসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামখ্যাত লেখকেরা অধিবেশনে অংশ নেবেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই অধিবেশন চলবে। এই উৎসবের মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে অনুবাদের মাধ্যমে এবং বাংলাদেশের যেসব লেখক ইংরেজিতে সাহিত্য চর্চা করেন, তাঁদের সাহিত্যকে বিশ্বসভায় পৌঁছে দেওয়ার সুযোগ ঘটবে। এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিমান লেখকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এখানকার সাহিত্যিকেরাও সমকালীন সাহিত্যের গতি-প্রকৃতি সম্পর্কে সম্যক ধারণা পাবেন। সব মিলিয়ে এই উৎসব সাহিত্য ক্ষেত্রে নতুন মাত্রা সংযোগ করবে বলে আয়োজকেরা আশা করছেন। এবারের উৎসবে বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিকদের মধ্যে সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, মুহম্মদ জাফর ইকবালসহ অনেকে অংশ নেবেন। বিদেশি সাহিত্যিকদের মধ্যে অংশ নেবেন বিক্রম শেঠ, নন্দিতা দাশ, ফ্লিপ হেনসার, কলিমা সামসি, বাশারাত পীর, মোহাম্মদ হানিফ, জিলিয়ান ক্লার্ক, সিহান করুনাতিলকা, মাহমুদ রহমান, শর্বরী আহমেদসহ অনেকে। হে সাহিত্য উৎসবের অধিবেশন সবার জন্য উন্মুক্ত। আগ্রহী লেখকেরা অধিবেশনের মুক্ত আলোচনা পর্বে অংশ নিতে পারবেন।