হে সুন্দরীতমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬টি বছর কাটিয়েছেন প্রবাসে। দেশে ফেরার দুই বছরের মাথায় যোগ্যতার বিচারে লাক্স-চ্যানেল আই সুপারস্টার হলেন মেহ্জাবীন চৌধুরী। এবার আনন্দের মুখোমুখি তিনিমেহ্জাবীনকে দেখে মনে হবে পুরোদস্তুর বাঙালি কিশোরী। কিন্তু ওঁর কথা শুনলে? বাংলাটা একটু অন্যরকম না? মেহ্জাবীন স্বীকার করে বলেন, ‘জি, আমার বাংলা বলায় একটু সমস্যা আছে। বরং ইংরেজিটা ভালো পারি। কিন্তু আমি প্রাণপণ চেষ্টা করছি, মায়ের ভাষা পুরোপুরি সঠিকভাবে রপ্ত করতে।’ অবশ্য বাংলা বলার দুর্বলতায় মেহ্জাবীনকে দোষ দেওয়া যায় না। জন্মের পরপর কথা শেখার আগে বাবা মহিউদ্দিন চৌধুরীর কোলে বসে পাড়ি দিয়েছেন মরুর দেশে। সংযুক্ত আরব আমিরাতে। সেখানে কেটে গেছে শৈশব-কৈশোর। হাঁটা, গাওয়া, কথা বলা—সবই শিখেছেন মরুর দেশ, ওমানে। পরিবারের কেউই সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত ছিল না। তবে সবাই সংস্কৃতিমনা। চৌধুরী পরিবারের বড় মেয়েটির ঠিকানা হলো শোবিজ। টাইমস অব ওমান-এ নিয়মিত মডেল হয়েছেন। লেখাপড়ার পাশাপাশি মডেলিং। সঙ্গে ব্যালে নৃত্য। চলছিল জীবন। কেটে গেল ১৬টি বছর। তারপর ২০০৭ সালে পাড়ি দেন দেশে, সোজা চট্টগ্রামে। নিজের বাসায়। বদলে যেতে থাকে জীবন। ১৬ বছর পর দেশে এসে অনেক কিছুই নতুন মনে হলো। সবচেয়ে অবাক হলেন লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মতো বড় আয়োজন দেখে। ক্যারিয়ার গড়ার কত বড় সুযোগ! কিন্তু সেবার নাম নিবন্ধন করা হয়নি। কারণ, বয়স ছিল ১৮ বছরের নিচে। ২০০৯ সালে অনেকটা খেলার ছলে নিজে নিজে নাম দিলেন প্রতিযোগিতায়। খুব একটা সিরিয়াস ছিলেন না। অডিশন রাউন্ডের কথা মনেও ছিল না। স্কুলে যাচ্ছিলেন। হঠাত্ জানতে পারলেন, আজ অডিশন। অমনি স্কুলের ব্যাগ নিয়েই ঢুকে গেলেন। স্কুলের ব্যাগ কাঁধে চড়িয়ে লাক্স-চ্যানেল আই? রীতিমতো হাসাহাসি হয়েছিল ‘ও’ লেভেল উত্তীর্ণ মেহ্জাবীনকে নিয়ে। কিন্তু সেদিনের আসরে চট্টগ্রাম থেকে প্রথম ‘ইয়েস কার্ড’ পাওয়া প্রতিযোগী মেহ্জাবীনই। তারপর শুধুই এগিয়ে যাওয়ার পালা। মেহ্জাবীন জানালেন, অভিনয়ে স্থায়ী হওয়ার ইচ্ছা তাঁর। একসময় মনে হতো তাঁর মূল জায়গাটা মডেলিংয়ে। কিন্তু প্রতিযোগিতার আসরে অভিনয়ের সর্বোচ্চ নম্বর তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। বললেন, ‘এখন আমি অভিনয় জগতে বেশি সময় দিতে চাই।’ জানতে চাই, বাংলাদেশে প্রিয় অভিনয়শিল্পীর নাম। দুটি নাম বললেন, সুর্বণা মুস্তাফা ও আফসানা মিমি। বলা যায়, এযাবত্ জীবনের বেশির ভাগ সময় দেশের বাইরে কাটানো মেহ্জাবীন বাংলাদেশের এই দুই শিল্পীর সঙ্গেই পরিচিত। তবে এতে খুব একটা চিন্তিত নন। মেষ রাশির জাতিকা মেহ্জাবীন আত্মবিশ্বাসী, ‘আমি ইনশাআল্লাহ পুরোপুরি অভিনয়শিল্পী হতে পারব। কেননা, পরিশ্রম করে কীভাবে সবকিছু রপ্ত করতে হয়, তা আমার জানা আছে।’ তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের ছাদে বসে কথা বলতে বলতে একটা দীর্ঘশ্বাস ছাড়েন। কেন? ‘প্রায় দুই মাস হয়ে গেল বাড়ি যাইনি। যদিও ক্যাম্পে থাকা দিনগুলো ভালো কেটেছিল। নতুন অনেক বন্ধু হয়েছে। শুধু খারাপ লাগত পরিবারের সবার সঙ্গে কথা বলতে না পেরে।’ কতই না আত্মত্যাগ, পরিশ্রম করতে হয়েছে প্রতিযোগিতার জন্য। কত টেনশন। এ জন্য মনে কোনো কষ্ট নেই। সবকিছুই তো সার্থক। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ইতিমধ্যে বাড়িও ফিরে গেছেন মেহ্জাবীন।