হেইসনাম কানহাইলালকে শ্রদ্ধার্ঘ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেইসনাম কানহাইলাল
হেইসনাম কানহাইলাল

সময়টা ১৯৬৮ সাল। থিয়েটার শিখবেন বলে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হয়েছিলেন। ভালো লাগেনি। তিন-চার মাস পরে ফিরে এসেছিলেন মণিপুরের ইমফলে। সেই থেকে নিজের মতো করে থিয়েটার করে গেছেন। থিয়েটার নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় ছিলেন পরিচিত নাম। পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার। বিশ্বনাটকের সেই মুনি, কলাক্ষেত্রের জনক হেইসনাম কানহাইলাল গতকাল বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন। শ্রদ্ধার্ঘ্য নাটকের এই সাধককে।
১৯৪১ সালে মণিপুরের ইম্ফলে জন্ম গ্রহণ করেন কানহাইলাল। মণিপুরি থিয়েটারে অনিয়মিতভাবে অংশগ্রহণের মাধ্যমে অভিনয়জীবন শুরু হয়। ১৯৬৮ সালে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হন। কয়েক মাস পরে চলে আসেন সেখান থেকে। মণিপুরে প্রতিষ্ঠা করেন নিজস্ব থিয়েটার দল কলাক্ষেত্র। পরিবেশনা শিল্পকলায় মণিপুরের শিল্প-সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করেন কানহাইলাল। তিনি মঞ্চনাটক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। থিয়েটারের এই পথচলায় তাঁর সঙ্গী হন জীবনসঙ্গী সাবিত্রী দেবী। দেশে ও দেশের বাইরে নাটক নিয়ে তাঁর পরীক্ষা-নিরীক্ষা বেশ আলোচিত হয়। তৃতীয় আন্তর্জাতিক কায়রো এক্সপেরিমেন্টাল থিয়েটার ফেস্টিভ্যালে তাঁর নির্দেশিত নাটক সেরা ছয়টি নাটকের মধ্যে স্থান পায়।
বাংলাদেশেও কানহাইলাল তাঁর নাটক প্রদর্শনী করেন। ২০১১ সালে ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসবে তাঁর নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ‘ডাকঘর’ মঞ্চায়িত হয়। এ ছাড়া ঢাকার মঞ্চে প্রদর্শিত হয় তাঁর আরেকটি নাটক ‘ দ্রৌপদী’। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন নাট্যজনেরা সমবেদনা প্রকাশ করেছেন। 

২০০৪ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। ২০১৬ সালে পান পদ্মভূষণ। এ ছাড়া পান সংগীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড এবং সংগীত ও নাটক অ্যাকাডেমি রত্ন অ্যাওয়ার্ড। দ্য সিটিজেন