হেফনারের কাছে ফিরলেন ক্রিস্টাল হ্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনারের সঙ্গে বিয়ের মাত্র সপ্তাহখানেক আগে বাগদান ভেঙে দিয়েছিলেন ক্রিস্টাল হ্যারিস। সম্প্রতি আবারও হেফনারের জীবনে ফিরে এসেছেন ২৬ বছর বয়সী এই মডেল ও গায়িকা।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে রাডার অনলাইন জানিয়েছে, ‘হেফনারের কাছে ফিরে আসার জন্য মিনতি জানিয়েছিলেন ক্রিস্টাল। নারী-অন্তপ্রাণ হেফনারও তাঁকে ক্ষমা করে দিয়ে প্লেবয় ম্যানসনে থাকার অনুমতি দিয়েছেন। ক্রিস্টাল এখন প্লেবয় ম্যানসনেই আছেন।’ সূত্রটি আরও জানিয়েছে, ‘ক্রিস্টাল তাঁকে ছেড়ে গেলেও, পুরোনো ক্ষোভ পুষে রাখেননি হেফনার। একে অপরের জীবনে ফিরে আসার পর দুজনেই এখন দারুণ খুশি।’ এদিকে ৮৬ বছর বয়সী হিউ হেফনার বিয়ের পরিকল্পনা করছেন কি না—এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানিয়েছে, ‘হিউ হেফনার এমন একজন মানুষ যাঁর সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়।’ এদিকে ক্রিস্টালের ফিরে আসা আর হেফনার-ক্রিস্টালের এ পুনর্মিলনকে সহজভাবে নিতে পারেননি হেফনারের বর্তমান প্রেমিকা শেরা বার্চার্ড। প্লেবয় ম্যানসনে ক্রিস্টালের প্রবেশের পরপরই সেখান থেকে চলে গেছেন শেরা।