এসেছে ‘ক্লোজআপ ওয়ান তারকা’ পুতুলের নতুন একক অ্যালবাম পুতুলগান। এনেছে লেজার ভিশন। অ্যালবামের গীতিকার ও সুরকার শিল্পী নিজেই। এবার ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান উপস্থাপনা করছেন পুতুল। কথা হলো তাঁর সঙ্গে।অ্যালবামের নাম ‘পুতুলগান’ কেন?আমার অন্য দুটি অ্যালবাম সন্ধ্যাবাড়ির বারান্দায় (২০০৮) এবং মাটির পুতুল (২০১০)। তবে এবারই প্রথম পুরো অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছি। তাই নাম দিয়েছি পুতুলগান। কেউ চাইলেই অ্যালবামটি পাইরেসি করতে পারবে না। সাউন্ড মিক্সিং এমনভাবে করা হয়েছে যে, কেউ পাইরেসি করতে চাইলে তারা মূল সাউন্ডের অনেক কিছুই পাবে না। অ্যালবামের গানগুলো হেভিমেটাল ধাঁচের। এ ধরনের গান করার ইচ্ছা হলো কেন?ছোটবেলা থেকেই রক ও হেভিমেটাল ধাঁচের গানের সঙ্গে আমি পরিচিত। আমার গান শোনার শুরুটাই হেভিমেটাল গান দিয়ে। শুরুতে হালকা মেজাজের গান গেয়েছি। কিন্তু হেভিমেটাল গান করার স্বপ্ন অনেক দিন থেকে দেখেছি। এবার সুযোগ পেয়ে গেলাম।হেভিমেটাল ধাঁচের গান গেয়ে আপনি সফল হয়েছেন?অনেকেই প্রশংসা করেছেন। উৎসাহ দিয়েছেন। তবে তাঁরা ভবিষ্যতে এ ধরনের গান গাওয়ার ক্ষেত্রে আরও বেশি যত্ন নিতে বলেছেন।অ্যালবামের গানগুলো নিয়ে মিউজিক ভিডিও নির্মাণের ইচ্ছা আছে?আজ (মঙ্গলবার) থেকে বিভিন্ন টিভি চ্যানেলে ‘সে আমার কেউ নয়’ গানটির মিউজিক ভিডিও প্রচারিত হবে। আমরা ত্রিমাত্রিক একটি মিউজিক ভিডিও তৈরির চেষ্টা করেছি। ক্লোজআপ ওয়ানের উপস্থাপনা কেমন লাগছে?চমৎকার। আমি তো প্রথম থেকেই ক্লোজআপ ওয়ানের সঙ্গে যুক্ত আছি। উপস্থাপনার কাজটি দ্বিতীয়বারের মতো করছি।