হেমন্তসন্ধ্যায় পাহাড়ি সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর নন্দন মঞ্চে পার্বত্য চুক্তির ১৮তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে গতকাল সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি দলের সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমীর নন্দন মঞ্চে পার্বত্য চুক্তির ১৮তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে গতকাল সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি দলের সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

চলছে ঢোলের-মাদলের বাদ্য। তালে তালে নাচছেন একদল নারী। পায়ে নূপুর জড়ানো। খোঁপায় ঝুলছে নানা রঙের ফুল। হাত ধরাধরি করে নাচছেন তাঁরা। একটু পর এগিয়ে এলেন কয়েকজন তরুণ। কণ্ঠ আকাশে তুলে সমবেত কণ্ঠে পাহাড়ি সুর তুললেন তাঁরা। হেমন্তের সন্ধ্যায় নান্দনিক এই দৃশ্যটির দেখা মিলল শিল্পকলা একাডেমীর উন্মুক্ত নন্দন মঞ্চে।
পার্বত্য চুক্তির ১৮তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে শিল্পকলা একাডেমীর আয়োজনে নন্দন মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।
সংক্ষিপ্ত আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ছিল একটি সমবেত নৃত্য। অন্তর দেওয়ানের নৃত্য পরিচালনায় পর্যায়ক্রমে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, গারো, বম শিল্পীরা নিজস্ব ভাষার গানের সুরে নৃত্য পরিবেশন করেন। এরপর ওঁরাও নৃত্য, চৈতি চাকমার পরিবেশনায় চাকমা ভাষায় একক সংগীত, সাঁওতালদের পরিবেশনায় সমবেত বাহা নৃত্য, ক্ষুদ্র-নৃগোষ্ঠী-চাকমা সমবেত নৃত্য। রেম হিম আমলাইয়ের নিজ ভাষায় একটি গান। উ মারমার পরিবেশনায় মারমা একক সংগীত, ক্ষুদ্র-নৃগোষ্ঠী-সাঁওতালদের পরিবেশনায় সমবেত দেশাত্মবোধক সংগীত, ত্রিপুরা সমবেত নৃত্য। বাংলা জনপ্রিয় গান ‘আমি একদিন তোমায় না দেখিলে’ গানের কথায় ছিল চৈতি চাকমা ও শোয়ে শোয়ে উ মারমার পরিবেশনায় দ্বৈত গান। ওঁরাওদের পরিবেশনায় ছিল সমবেত গান।