হেমা মালিনীর সীতা-গীতা হবেন ক্যাটরিনা!
১৯৭২ সালে মুক্তি পাওয়া ‘সীতা অউর গীতা’ ছবিতে যমজ বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ‘ড্রিমগার্ল’খ্যাত বলিউডের অভিনেত্রী হেমা মালিনী। ছবিটির রিমেকে এবারে সীতা ও গীতা চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ক্যাটরিনা কাইফ। সবকিছু ঠিক থাকলে ছবির প্রধান এ দুটি চরিত্রে তাঁর দেখা মিলবে। ক্যাটরিনার দারুণ পছন্দের একটি ছবি ‘সীতা অউর গীতা’। একটা সময়ে তিনি ছবিটির রিমেক প্রযোজনার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। আর এবারে সে ছবিতেই অভিনয়ের সুযোগ এসে ধরা দিল তাঁর কাছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘মিড-ডে’।এদিকে ছবিটির প্রতি ক্যাটরিনার বিশেষ দুর্বলতার কারণে দারুণ খুশি নির্মাতারা। ছবি নির্মাণের জন্য দল গঠনের জন্য ক্যাটরিনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তাঁরা। যাঁদের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী তাঁদেরকে নিয়েই দল গঠনের জন্য বলা হয়েছে তাঁকে। মূল ছবির পরিচালক রমেশ সিপ্পি রিমেক পরিচালনার দায়িত্ব পাচ্ছেন না বলেই জানিয়েছেন তাঁর ছেলে রোহান সিপ্পি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রমেশ সিপ্পি মূল ছবিটি পরিচালনা করলেও এটির প্রযোজক ছিলেন তাঁর বাবা জি পি সিপ্পি। রিমেক তৈরির জন্য মূল ছবিটির স্বত্ব নিয়ে আইনি লড়াই চলছে রমেশ ও তাঁর ভাইদের মধ্যে। এ মামলায় জিতলেই কেবল ‘সীতা অউর গীতা’র রিমেক পরিচালনা করতে পারবেন রমেশ।