হেমামালিনীর সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের ড্রিমগার্লখ্যাত অভিনেত্রী হেমামালিনী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাঁর সম্পদের হিসাব দাখিল করেছেন। বলিউডের এই ড্রিমগার্ল রাজ্যসভার নির্বাচনে কর্নাটক প্রদেশ থেকে লড়বেন। তিনি বিজেপির প্রার্থী হিসেবে ব্যাঙ্গালুরুতে তাঁর মনোনয়নপত্র জমা দেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের দেওয়া এক খবরে জানা গেছে, বলিউড অভিনেত্রী হেমামালিনীর সম্পদের মূল্য ৩৫ কোটি রুপি, যার মধ্যে আছে পাঁচ কেজি সোনা ও চারটি বাড়ি। এ ছাড়া আছে একটি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িসহ মোট চারটি গাড়ি। এর বাইরেও অন্যান্য সম্পদের পরিমাণ আরও ২৩ কোটি রুপি। তবে এসব সম্পদের মধ্যে আইডিবিআই ও আইসিআইসিআই ব্যাংকের কাছে হেমামালিনীর দেনা রয়েছে ১৭কোটি রুপি। এদিকে মনোনয়নপত্র দাখিলের পর হেমামালিনী তাঁর প্রতিক্রিয়ায় জানান, ‘আমাকে মনোনয়ন দেওয়ার জন্য বিজেপিকে ধন্যবাদ।’ তিনি এ-ও বলেন, ‘একজন শিল্পী হিসেবে দীর্ঘদিন এ অঞ্চলের মানুষের পাশে ছিলাম। এখানকার সংসদ সদস্য হিসেবে কর্নাটক প্রদেশের উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত করব। বিশেষ করে এখানকার সংস্কৃতির উন্নয়নের দিকে বেশি মনোযোগী হব।’ উল্লেখ্য, তাঁর নির্বাচিত হওয়া একরকম নিশ্চিত এবং মেয়াদকাল হবে আগামী বছরের এপ্রিল পর্যন্ত।