হেরেও খুশি আমির!
ভারতের প্রখ্যাত ব্যক্তিদের মধ্য থেকে ‘ইন্ডিয়া’স প্রাইম আইকন’ খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে বিগ সিবিএস প্রাইম টেলিভিশন চ্যানেল। ‘ইন্ডিয়া’স প্রাইম আইকন’ খেতাব পাওয়ার এ দৌড়ে ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত বলিউডের অভিনেতা আমির খানকে টপকে গেছেন ‘বিগ বি’খ্যাত বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। ‘ইন্ডিয়া’স প্রাইম আইকন’ খেতাব পাওয়ার লড়াইয়ে সেরা তিনের মধ্যে আমির তাঁর অবস্থান ধরে রাখতে না পারলেও, অমিতাভ পেরেছেন। চূড়ান্ত বিজয়ের জন্য ৭০ বছর বয়সী অমিতাভকে এখন লড়তে হচ্ছে ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার এবং গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এক খবরে এমন তথ্য জানিয়েছে পিটিআই। অমিতাভের কাছে হেরে গেলেও, তা নিয়ে বিন্দুমাত্র দুঃখবোধ নেই বলেই জানিয়েছেন ‘তালাশ’ তারকা আমির। এ প্রসঙ্গে এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিগ বি’র অবস্থান আমার অনেক ওপরে। তাঁর ধারে-কাছেও নেই আমি। তাঁর সঙ্গে আমার প্রতিযোগিতার কোনো প্রশ্নই ওঠে না। তাঁকে অনেক বেশি শ্রদ্ধা করি আমি।’