হেলিকপ্টারে উড়ে পূজামণ্ডপে অপু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিকপ্টারে করে পূজামণ্ডপে যান অপু বিশ্বাস
হেলিকপ্টারে করে পূজামণ্ডপে যান অপু বিশ্বাস

কথা ছিল, এবার পূজার ছুটিতে দার্জিলিং বেড়াতে যাবেন ঢাকাই ছবির অভিনেত্রী অপু বিশ্বাস। সে ইচ্ছা পূরণ হয়নি তাঁর। ‘রাজা বাবু ৪২০’ আর ‘রাজনীতি’ ছবির শুটিং নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে তাঁকে। এমনকি মায়ের সঙ্গেও দেখা হলো না। কারণ মা আছেন বগুড়ায়। তারপরও পূজামণ্ডপে যাওয়া বাদ দেননি অপু। বাগেরহাটের শিকদার বাড়ির পূজায় যাওয়ার জন্য তাঁকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল। যেহেতু শুটিংয়ের ব্যস্ততা, তাই বুধবার শুটিংয়ের এক ফাঁকে হেলিকপ্টারে উড়ে সেখানে যান তিনি। ছিলেনও বেশ কিছুটা সময়। শুভেচ্ছা বিনিময় করেছেন সবার সঙ্গে।
সেখান থেকে ফিরে অপু জানিয়েছেন, এবার ব্যস্ততার মধ্যেই পূজার দিনগুলো কাটছে তাঁর।
এর আগে পূজার দিনগুলোর স্মৃতিচারণ করে প্রথম আলোকে অপু বলেন, ‘ছোটবেলায় পূজার সময় অনেক মজা হতো। তখন অবশ্য আমি ‘অপু বিশ্বাস’ হয়ে উঠিনি। মহালয়া থেকেই শুরু হতো পূজার আমেজ। মহালয়া দেখার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠতাম। তার আগেই কেনাকাটা শুরু হয়ে যেত।’ তিনি বলেন, ‘পূজার সময় নানা ধরনের মেলা হয়। মেলা থেকে নানান জিনিসপত্র কিনতাম। ২০০৬ সাল পর্যন্ত পূজা উদ্‌যাপনে তেমন অসুবিধা হয়নি। কিন্তু এরপর পুরো চিত্রটাই পাল্টে গেছে। ২০০৬ সালে কোটি টাকার কাবিন ছবিটি মুক্তির পর বগুড়ায় নিজের মতো করে পূজা উদ্‌যাপনের সুযোগ শেষ হয়ে যায়। এরপর ছবিতে কাজের ব্যস্ততা বেড়ে গেছে।’

২০১১ সালে শাকিব খানকে সঙ্গে নিয়ে বগুড়ায় পূজা উদ্‌যাপন করতে যান অপু। পূজামণ্ডপে গিয়েছিলেন গভীর রাতে। তার পরও অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল সেবার। চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ার পর প্রতিবারই তিনি পূজামণ্ডপে গিয়েছেন গভীর রাতে এবং তাও অল্প সময়ের জন্য।
অপু বলেন, ‘নায়িকা হওয়ার আগের পূজার সময়গুলো এখন খুব মিস করি। পূজার সময় আত্মীয়স্বজন যাঁদের সঙ্গে অনেক দিন দেখা হয় না, এই সময় বাড়ি এলে অনেকের সঙ্গে দেখা হয়। কয়েকটা দিন ভালোভাবেই কেটে যায়। এবার পূজায় বগুড়ায় যাওয়া হচ্ছে না। খুব খারাপ লাগছে। পূজার সময়টা খুব মিস করছি।’