হ্যাইলির এগিয়ে চলা
মেয়েটির বয়স মোটে ১৪। এই বয়সেই সে করে ফেলেছে দারুণ এক কাজ। ৮৩তম অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর বিভাগে পাল্লা দিয়েছে মেলিসা লিও, অ্যামি অ্যাডামস, জ্যাকি ওয়েভার, বনহ্যাম কার্টারের মতো বাঘা বাঘা অভিনেত্রীর সঙ্গে। লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণকারী হ্যাইলি স্টেইনফিল্ড নামের এই অভিনেত্রীর অভিনয়দক্ষতা দেখে বোঝার উপায় নেই যে তার বয়স এত কম। বয়স মাত্র ১৪ হলে কী হবে? হ্যাইলির চলন, সংলাপ বলার ধরন—সবকিছুতেই পাওয়া যাবে দক্ষ অভিনেত্রীর ছাপ। আট বছর বয়স থেকে অভিনয়ে হাতেখড়ি। কাজ করেছে গ্রান্ড ক্রু, উইথআউট উইংস-এর মতো স্বল্পদৈর্ঘ্য ছবিতে। টিভির পর্দায় অভিনয় করে ক্যারিয়ারের শুরু হলেও হ্যাইলি মুখিয়ে ছিল চলচ্চিত্রের জন্য। ট্রু গ্রিট ছবিতে ম্যাটি রস চরিত্রে অভিনয় করে সেই সুযোগটাকেই দারুণভাবে কাজে লাগিয়েছে সে। মনোনয়নের তালিকায় থেকেও শেষ পর্যন্ত হাতে ধরা দেয়নি অস্কার। কিন্তু তাতে কী! হ্যাইলি সমানে পাল্লা দিয়ে অভিনয় করেছে জেফ ব্রিজেস, ম্যাট ডেমন আর জশ ব্রোলিনের মতো খ্যাতিমান অভিনেতাদের সঙ্গে। ট্রু গ্রিট ছবিতে ম্যাটি বদলা নেয় তার বাবার খুনের। ভাড়াটে খুনি জেফ ব্রিজেসের সাহায্যে শুরু হয় তার প্রতিশোধ নেওয়ার কাজ। টানটান উত্তেজনায় ভরপুর এই ছবিতে কোথাও এতটুকু চিড় ধরেনি হ্যাইলির অভিনয়ে। সমালোচকেরাও দারুণ উচ্ছ্বসিত তাকে পেয়ে। অস্কার আসরের রেড কার্পেটে এক উপস্থাপিকা হ্যাইলিকে প্রশ্ন করেছিলেন, গত বছর যাদের টেলিভিশনের পর্দায় দেখেছ, আজ তুমি তাঁদেরই পাশে। সমান তালে লড়াই করার সুযোগ পেয়েছ তাঁদের সঙ্গে। এত অল্প বয়সে এই অর্জন কেমন লাগছে তোমার? জবাবে হ্যাইলি বলেছিল, এখানে আসাটা সত্যি অবিশ্বাস্য। সবকিছুই কেমন জানি স্বপ্ন-স্বপ্ন লাগছে। মা চেরি ও বাবা পিটার কারোরই অভিনয় দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিল না। তাই বুঝতে পারেননি তাঁদের মেয়ের রক্তে আছে অভিনয়ের নেশা। কে জানত, ছোট্ট মেয়েটিই একদিন ইতিহাসের অংশ হয়ে যাবে? তবে পরিবার থেকে উৎসাহের কমতি ছিল না বলেই হয়তো এতটা পথ আসার সাহস পেয়েছে হ্যাইলি। সবে তো শুরু। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে সামনে। ট্রু গ্রিট-এ অসামান্য অভিনয়ের পর প্রযোজক আর পরিচালকদের ভিড় তার দরজায়। তবে চটজলদি পাওয়া খ্যাতির মোহে গা না ভাসিয়ে ধীরে-সুস্থে সামনে এগোনোর পরিকল্পনা এই টিন তারকার। কিঙ্কর আহ্সানতথ্যসূত্র: ওয়েবসাইট