হ্যামলেট ভাঁড়ের চোখে দেখা
হ্যামলেট: দ্য ক্লাউন প্রিন্স নাটকটি মঞ্চায়নের উদ্দেশ্যে কদিন আগেই সদলবলে ঢাকা ঘুরে গেল মুম্বাইয়ের কোম্পানি থিয়েটার। আগত অতিথিদের মধ্যে ছিলেন নাটকটির পরিচালক রজত কাপুর। শুধু মঞ্চ নাটকই নয়, চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও তাঁর বেশ সুনাম রয়েছে। এ ছাড়া রজত কাপুর অভিনয় করেছেন দিল চাহতা হ্যায়, জানে তু ইয়া জানে না, ভেজা ফ্রাইসহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে। স্বল্প সময়ের সফরসূচির এক ফাঁকে কথা হলো তাঁর সঙ্গে— এটাই কি আপনার প্রথম বাংলাদেশে আসা?না। এর আগে ২০০৪ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছিলাম। সেবার দারুণ লেগেছিল। তাই এবার আবারও যখন বাংলাদেশে আসার সুযোগ হলো, আমি এ নিয়ে দ্বিতীয়বার ভাবিনি। আমি এ দেশটা সত্যিই খুব পছন্দ করি।শেক্সপিয়ারের হ্যামলেট আমরা পড়েছি, দেখেছি। সেখানে আমরা হ্যামলেটকে পেয়েছি পিতৃহত্যার প্রতিশোধ নিতে প্রত্যয়ী এক রাজপুত্র হিসেবে। কিন্তু আপনার নাটকে হ্যামলেট কীভাবে দ্যা ক্লাউন প্রিন্স হয়ে উঠল?অনেক দিন আগে থেকেই হ্যামলেট নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। পাশাপাশি এ-ও ঠিক করে রেখেছিলাম, হ্যামলেট নিয়ে কাজ করলেও আমি গতানুগতিকভাবে করব না। তাই ভিন্ন আঙ্গিকে হ্যামলেটকে উপস্থাপন করার চিন্তা থেকেই ছয়জন ভাঁড়কে দিয়ে নাটকটি ফুটিয়ে তোলার চেষ্টা। যাঁরা হ্যামলেট নাটকটি মঞ্চায়িত করতে চান এবং তালগোল পাকিয়ে বিভিন্ন হাস্যরসের জন্ম দেন। ভাঁড়দের চোখেই আমরা হ্যামলেটকে দেখতে চেয়েছি এবং দর্শককে দেখাতে চেয়েছি।ধরুন, আপনার নাটকে দর্শক সারিতে হাজির স্বয়ং উইলিয়াম শেক্সপিয়ার! আপনার কি মনে হয়, হ্যামলেট: দ্যা ক্লাউন প্রিন্সকে তিনি কীভাবে নিতেন?আমার ধারণা, তিনি নাটকটি পছন্দ করতেন। তিনি নিজেও বিভিন্ন পরীক্ষামূলক কাজ করতে ভালোবাসতেন। আর হ্যামলেটকে একটি তৃতীয় দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা, মনে হয় কাজটি তিনি সমর্থন করতেন।ক্যামেরার সামনে এবং পেছনে—দুই জায়গাতেই আপনি কাজ করেছেন। কোন অবস্থানে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?আমি মূলত নিজেকে মনে করি একজন চলচ্চিত্র নির্মাতা। অভিনয়ের কাজটা স্রেফ আনন্দ পাওয়ার জন্য করি। আর হ্যাঁ, আমার মনে হয় পরিচালনা করার চেয়ে অভিনয় অনেক সহজ (হাসতে হাসতে)! চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কোন পরিচালকের কাজ আপনাকে অনুপ্রাণিত করেছে?অনেকের নামই তো বলতে হয়। আসলে সেভাবে বলে শেষ করা যাবে না। তবে সবার আগে আমি যার কথা বলব, তিনি চার্লি চ্যাপলিন! চলচ্চিত্র সংশ্লিষ্ট যত মানুষের কাজ আমি দেখেছি, আমার ধারণা, তিনিই সবচেয়ে মেধাবী।আপনি তো ওপার বাংলার চলচ্চিত্রে কাজ করেছেন। বাংলা বলতে পারেন?হ্যাঁ, অনুরণন নামে একটি বাংলা চলচ্চিত্রে কাজ করেছি। বাংলা সেভাবে বলতে পারি না। তবে হ্যাঁ, ‘থোরা থোরা’ বুঝতে পারি!সামনে আপনার কোন চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে?সামনে আসছে, আমার পরিচালিত ছবি আখো দেখি। মূল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশরা। আমি নিজেও অভিনয় করেছি।ঢাকায় এবার হ্যামলেট: দ্য ক্লাউন প্রিন্স মঞ্চায়িত করা ছাড়া আর কোনো পরিকল্পনা আছে?প্রথম পরিকল্পনা হলো ঘুম (হাসি)! তবে হ্যাঁ, কাল কিছু কেনাকাটা করতে বের হব। ঢাকা তো কাপড়ের জন্য বিখ্যাত, সে রকম কিছু দোকান ঘুরে দেখার ইচ্ছা আছে। এ ছাড়া আপনারাই বলুন, আর কোন কোন জায়গা ঘুরে দেখা যায়!বাংলাদেশের সিনেমা, নাটক, মঞ্চ—এসবের সঙ্গে কি আপনার পরিচয় আছে?সত্যি বলতে, এ সম্পর্কে তেমন কিছুই জানি না। তবে এ দেশে এখন কী ধরনের কাজ হচ্ছে, আমি জানতে খুবই আগ্রহী। মো. সাইফুল্লাহ